‘সিরিয়ায় বিমান হামলার শিকার ১২ টি হাসপাতাল’
সিরিয়ার উত্তরাঞ্চলে সম্প্রতি কয়েক সপ্তাহে অন্তত ১২টি হাসপাতালে বিমান হামলায় হয়েছে এবং এতে অন্তত ৩৫ জন রোগী ও হাসপাতালকর্মী প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থা মিতস সঁ ফঁতিয়া (এমএসএফ)।
বৃহস্পতিবার এমএসএফ এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আলেপ্পো, ইদলিব ও হামা প্রদেশের এসব হাসপাতালে বিমান হামলায় আরও অন্তত ৭২ জন আহত হয়েছে। তারা আরও ছয়টি হাসপাতাল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
সেপ্টেম্বরের শেষ দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা বিমান হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে কোন দেশ এ বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে তারা কিছু বলেনি। রাশিয়া এবং সিরিয়ার জঙ্গি বিমান সিরিয়ার পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।
৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে বিদ্রোহীদের উপর বিমান হামলা শুরু করে। রাশিয়ার হস্তক্ষেপের কারণে সেখানে গৃহযুদ্ধ বর্তমানে চরম আকার ধারণ করেছে।
এমএসএফ কর্তৃপক্ষ জানায়, গত মাসে ইদলিব প্রদেশের আশ্রয় কেন্দ্রগুলোতে আরও ১৭০০ পরিবার আশ্রয় নিয়েছে। আগে থেকেই সেখানে এক লাখের বেশি মানুষ অবস্থান করছে।
আশ্রয় কেন্দ্রে আশ্রয় প্রার্থীদের এ ঢল সামলানো ত্রাণ সংস্থাগুলোর জন্য কঠিন হয়ে পড়ছে বলেও জানিয়েছে তারা।
যুদ্ধরত দলগুলোর কার্যক্রমের নিন্দা জানিয়ে সিরিয়ায় এমএসএফ এর প্রধান বলেন, "চার বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এ যুদ্ধে সব পক্ষ এত সহজে আন্তর্জাতিক মানবিক আইনকে অবজ্ঞা করছে, যেটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি।"
