২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে ছুঁড়ে ফেলে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ক্লাসরুমে ঢুকে এক স্কুলছাত্রীকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ভিডিওতে প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্রের একজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 12:58 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

বিবিসি জানিয়েছে, প্রকাশিত ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক শেয়ার হয়েছে।

সাউথ ক্যারোলাইনার প্রধান শহর কলাম্বিয়ার স্প্রিং ভ্যালি হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। পুলিশ কর্মকর্তা বেন ফিল্ডস ওই স্কুলটির ‘রিসোর্স’ কর্মকর্তা ছিলেন। 

বুধবার কলাম্বিয়ার রিচল্যান্ড কাউন্টির শেরিফ লিওন লট বলেন, “জ্যেষ্ঠ সহকারী ফিল্ডস সঠিক ধারা অনুসরণ করেননি। একজন শিক্ষার্থীকে ছুঁড়ে ফেলা তার উচিত হয়নি, প্রশিক্ষণের সময় তাকে শেখানো অনেক কিছুই তিনি সে সময় কাজে লাগাতে পারতেন, তাকে শিক্ষার্থীদের ছুঁড়ে ফেলে দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়নি।”   

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনামা ওই আফ্রিকান-আমেরিকান শিক্ষার্থীটি তার মোবাইল ফোন সরিয়ে রাখতে অস্বীকৃতি জানানোর পর ক্লাসরুম থেকে বের হয়ে যেতেও অস্বীকৃতি জানান। 

তখন ওই পুলিশ কর্মকর্তাকে ডেকে এনে আবারও শিক্ষার্থীকে ক্লাস ছেড়ে যাওয়ার জন্য বলা হয়। ওই শিক্ষার্থী তখনও অস্বীকৃতি জানালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বেন। 

ভিডিওতে দেখা যায়, বেন ওই শিক্ষার্থীকে নিচে ছুঁড়ে ফেলে মেঝে দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন।

ক্লাসের অন্য এক শিক্ষার্থী ঘটনাটির ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেন। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটির ব্যাপক শেয়ার হয় ও ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের অনেকগুলো নাগরিক অধিকার গোষ্ঠী ও অভিভাবক গোষ্ঠী ঘটনার তীব্র নিন্দা জানায়। 

এসবের পরও স্কুলের কিছু কর্মকর্তা ও কয়েকজন অভিভাবক বেনের পক্ষে কথা বলেন বলে জানিয়েছেন শেরিফ লট। স্কুলটির সঙ্গে সাত বছর ধরে কাজ করছেন বেন। এছাড়া গেল বছর অন্য একটি প্রাথমিক স্কুল থেকে ‘কালচার অব এক্সিলেন্স’ পুরস্কারও পেয়েছিলেন বেন। 

কিন্তু লট বলেন, “বেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি সঠিকভাবে সামাল দিতে পারেননি।

“এটা সঠিক পদ্ধতি নয় এবং আইনপ্রয়োগ করতে গিয়ে এ ধরনের আচরণ করা উচিত নয়। এটি আমাদের নীতির লঙ্ঘণ, তাই প্রায় ২০ মিনিট আগে রিচল্যান্ড কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট থেকে বেন ফিল্ডসকে বরখাস্ত করা হয়েছে।”

বরখাস্তের পর বেনের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে তদন্ত শুরু হয়েছে।