২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান জঙ্গিদের গুলিতে ৭ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তান থেকে পাকিস্তানের ভিতরে আফগান জঙ্গিদের ছোঁড়া গুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কন্সটাবুলারির (এফসি) সাত জওয়ান নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Oct 2015, 01:14 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের পার্বত্য শহর আঙ্গুর আড্ডার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী।  

ওই দিন এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, “আজ ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডার উত্তরপূর্বের এফসি তল্লাশি চৌকিতে পাক-আফগান সীমান্ত বরাবর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। 

“এতে সাত এফসি সেনা শাহাদাৎ বরণ করেছেন।”

এ হামলার জন্য আফগানভিত্তিক জঙ্গিরা দায়ী বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। 

এক দেশের ভূমি ব্যবহার করে অপর দেশে তালেবান জঙ্গি ও অন্যান্য জঙ্গিদের তৎপরতা চালানোর বিষয়ে পরস্পরকে দায়ী করে আসছে আফগানিস্তান ও পাকিস্তান। 
 
এই জঙ্গিদের প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না অভিযোগ করে পরস্পরকে দোষারোপ করে আসছে দেশদুটি।