২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইয়েমেনের হাসপাতালে সৌদি জোটের বিমান হামলা

ইয়েমেনে স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থা মিতস সঁ ফঁতিয়া (এমএসএফ) পরিচালিত হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Oct 2015, 06:15 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

এর আগে এ মাসেই আফগানিস্তানের কুন্দুজে এমএসএফ পরিচালিত হাসপাতালে মার্কিন বিমান হামলা হয়।

মঙ্গলবার মিতস সঁ ফঁতিয়ার পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, "ইয়েমেনের সাদায়  এমএসএফ পরিচালিত একটি হাসপাতালে গত রাতে কয়েকবার বিমান হামলা চালানো হয়। ওই সময় রোগী ও হাসপাতাল কর্মীরা ভবনের ভেতরে ছিল।"

হুতি বিদ্রোহীদের দমনে সাত মাস আগে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী। এ সময়ের মধ্যে দেশটির বেসামরিক লক্ষ্যবস্তুতে এটিই সর্বশেষ বিমান হামলা।

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা হাসপাতালটির পরিচালকের বরাত দিয়ে জানায়, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

ডা. আলি মুঘলি বলেন, "বিমান হামলায় হাসপাতাল ভবনের ভেতরের যন্ত্রপাতি ও চিকিৎসা সামগ্রী সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। বেশ কয়েকজন আহতও হয়েছে।"

হাসপাতালটির কাছের একটি বিদ্যালয় এবং আশেপাশের কয়েকটি বাড়ি ঘরের উপরও বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সাবা।

এ বিষয়ে কথা বলার জন্য রয়টার্সের পক্ষ থেকে জোটের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে সাবা'র খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হুতি বিদ্রোহীদের দমন করে ইয়েমেন সরকারকে ক্ষমতায় পুনর্প্রতিষ্ঠিত করতে মার্চের শেষভাগ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় আরব দেশ।

কিন্তু সাত মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও হুতিদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী সানা উদ্ধার করতে সক্ষম হয়নি তারা। যুদ্ধে এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

যুদ্ধ বিক্ষুব্ধ এলাকাগুলোতে এমএসএফ পরিচালিত হাসপতালে একমাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিমান হামলা হল।

আফগানিস্তানে  গত ৩ আক্টোবর কুন্দুজের হাসপাতালে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারায়।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দাবি ছিল, ভুল বোঝাবুঝির কারণে এ হামলা হয়েছে। এজন্য ক্ষমা চেয়ে তদন্তের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।