ইউরোপে আরো এক লাখ শরণার্থীর জন্য আশ্রয় কেন্দ্র তৈরি হবে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ১১টি দেশ ও এর বাইরে থাকা তিনটি ইউরোপীয় দেশের মধ্যে আলোচনায় আরো এক লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ার মতো স্থাপনা তৈরির বিষয়ে সমঝোতা হয়েছে।
বিবিসি বলছে, রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শরণার্থী সঙ্কট নিয়ে এক জরুরি সম্মেলনে ইউরোপীয় নেতারা এ বিষয়ে একটি চুক্তির ব্যাপারে সম্মত হন।
গ্রিস ও বলকান দেশগুলোর শরণার্থী অভ্যর্থনা কেন্দ্রগুলোতে এসব নতুন আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে।
গেল সপ্তায় গ্রিসে প্রায় প্রতিদিন নয় হাজারেরও বেশি শরণার্থী এসে হাজির হয়েছে। চলতি বছরে এটিই শরণার্থী আসার সর্বোচ্চ হার।
এই পরিস্থিতিতে চুক্তি অনুযায়ী আরো ৩০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার মতো অবকাঠামো গড়ে তুলবে গ্রিস। চলতি বছরেই নির্মাণ কাজ শেষ করবে দেশটি।
একই সময়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আরো ২০ হাজার শরণার্থীর স্থান সংকুলানের জন্য অবকাঠামো তৈরি করবে।
এর পাশাপাশি বলকান দেশগুলোর অভ্যর্থনা কেন্দ্রগুলোতে আরো ৫০ হাজার শরণার্থীর জন্য অবকাঠামো তৈরি করা হবে। জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে পৌঁছানোর জন্য শরণার্থীরা বলকান দেশগুলোর ভিতরে দিয়ে যাওয়া রুটগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করে।
চুক্তিতে আরো যে যে বিষয়ে ইউরোপীয় নেতারা সম্মত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল, আগত শরণার্থীদের নিয়ে হিমশিম খাওয়া স্লোভেনিয়াকে সহায়তা করতে এক সপ্তাহের মধ্যে সেখানে ৪০০ পুলিশ কর্মকর্তা পাঠানো হবে। পাশাপাশি ‘প্রতিবেশী দেশকে না জানিয়ে’ তাদের সীমান্তে শরণার্থীদের ঠেলে দেওয়া ‘নিরুৎসাহিত’ করা।
এ ছাড়াও অন্যান্য দেশ ও কর্তৃপক্ষের কাছে শরণার্থীদের সংখ্যার বিষয়ে তথ্য পাঠানোর জন্য জনসংযোগ কর্মকর্তা নিয়োগ দেওয়া।
বৈঠকের পর এক মন্তব্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, “এটি এ পর্যন্ত ইউরোপের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর অন্যতম।”
