২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় তিমি পর্যবেক্ষণকারী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫

কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে তিমি পর্যবেক্ষণকারী একটি নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 09:55 AM

Updated : 25 Apr 2022, 02:03 PM

বিবিসি বলছে, কানাডার পশ্চিমাঞ্চলীয় ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনোর কাছে ২৭ জনকে বহনকারী নৌকাটি ডুবে যায় বলে উপকূলরক্ষী এবং উদ্ধার তৎপরতায় নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন।

এরআগে দেশটির গণমাধ্যমে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌকাডুবির এই ঘটনায় অন্ততপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।

তবে এখনো মৃত্যুবরণকারীদের জাতীয়তা জানা যায়নি। হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ বাকিদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নৌকাটি পরিচালনা করছিল জেমি তিমি পর্যবেক্ষণ স্টেশন এন্ড অ্যাডভেঞ্চার স্টেশন নামে একটি সংস্থা। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৩১ অক্টোবর তাদের এবারের তিমি পর্যবেক্ষণ সিজন শেষ হবে।

৩০ বছর ধরে প্রতিষ্ঠানটি এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বিভিন্ন প্রতিবেদেন থেকে জানা গেছে, নৌকাটি ডুবে যাওয়ার সময় টোফিনোর সমুদ্র ছিল শান্ত এবং দিনটি ছিল আলো ঝলমলে।

প্রশান্ত মহাসাগরীয় ধূসর তিমি দেখার জন্য টোফিনো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিমি দেখার এ ধরনের সমুদ্রযাত্রা সাধারণত তিনঘণ্টা স্থায়ী হয়।