২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া

সর্বকালের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Oct 2015, 11:34 AM

Updated : 12 Oct 2022, 04:19 PM

শুক্রবার পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৬৬ কিলোমিটার (১৬০মাইল/ঘণ্টা) বাতাসের বেগ নিয়ে উত্তরপূর্ব উপকূলের মানজানিলো এলাকায় আঘাত হানে।

এতে গাছপালা উপড়ে যায় এবং রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ি উড়ে যায় বলে খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়ের আতঙ্কে উপকূলীয় এলাকা ও সমুদ্রতটের রিসোর্টগুলো থেকে হাজার হাজার মানুষ সরে গেছেন। 

ঘূর্ণিঝড়ের কারণে মেক্সিকোর পশ্চিম উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্ব জলবায়ু সংস্থা (ডব্লিউএমও) প্যাট্রিসিয়াকে ২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের সঙ্গে তুলনা করছে।

হাইয়ানের তাণ্ডবে ৬৩০০ মানুষের মৃত্যু হয়েছিল।

প্যাট্রিসিয়ার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে আকস্মিক বন্যা হচ্ছে।

Image
মেক্সিকোর জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তো ভ্যালার্তার উপকূলে ঝড়ের অপেক্ষায় গাছগুলো। ছবি: রয়টার্স

মেক্সিকোর জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তো ভ্যালার্তার উপকূলে ঝড়ের অপেক্ষায় গাছগুলো। ছবি: রয়টার্স

মেক্সিকোর জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তো ভ্যালার্তা ও অন্যান্য উপকূলীয় এলাকার হোটেলগুলো বন্ধ করে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

অস্থায়ীভাবে তৈরি করা ডরমেটরিগুলোতে পর্যটকরা আশ্রয় নিয়েছেন।

মানজানিলো কার্গো বন্দরের ৩০ বছর বয়সী হোটেলকর্মী লরা বারাজাস বলেন, “প্রবল বেগে বাতাস বইছে, এতে পার্ক করা গাড়িগুলোও জায়গা থেকে সরে যাচ্ছে।”

ঘূর্ণিঝড়রটি আঘাত হানার পর প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে, পশ্চিম মেক্সিকোর পর্বতগুলোতে বাধা পেয়ে শনিবারের মধ্যে প্যাট্রিসিয়া দুর্বল হয়ে পড়তে পারে। 

যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ পর্যন্ত পশ্চিম গোলার্ধে রেকর্ড করা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে প্যাট্রিসিয়াই সবচেয়ে শক্তিশালী। এ ধরনের নজিরবিহীন ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

Image
মেক্সিকোর জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তো ভ্যালার্তার একটি জনশূন্য পাথুরে রাস্তা। ছবি: রয়টার্স

মেক্সিকোর জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তো ভ্যালার্তার একটি জনশূন্য পাথুরে রাস্তা। ছবি: রয়টার্স

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো বলেছেন, বিশাল এই ঝড়ের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা ধারণা করাও কঠিন।

‘নিশ্চিতভাবেই এর আগে কখনো এত বিশাল ঝড়ের মুখোমুখি হইনি আমরা,” বলেন তিনি। 

ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় (প্যাট্রিসিয়া) মেক্সিকোর দিকে এগিয়ে যাচ্ছে, এ দৃশ্য পৃথিবীর বাইরের মহাশূন্য থেকেও দেখা গেছে।

পৃথিবী থেকে ৪০১ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যুক্তরাষ্ট্রের নভোচারী স্কট কেলি ট্যুইটারে দৈত্যাকৃতির ঘূর্ণিঝড়টির একটি ছবি দিয়ে মন্তব্য করেছেন, “নিচে, মেক্সিকো নিরাপদ থাকুক।” 

প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, মেক্সিকোকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত হয়ে আছে।