ফ্রান্সে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ৪৩ জন নিহত
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বোর্দু এলাকায় বাস ও লরির সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই পেনশনভোগী প্রবীণ নাগরিক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে বোর্দুর পূর্বে পিসগিয়াঁ এলাকায় বনের মাঝ দিয়ে যাওয়া এক সড়কে মুখোমুখি সংঘর্ষের পর দুটি বাহনেই আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই এক টুইটে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ শোক প্রকাশ করে বলেছেন, এ ঘটনার পূর্ণ তদন্ত হবে।
বলা হচ্ছে, তিন দশকের মধ্যে এটিই ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ১৯৮২ সালে বুনে এক দুর্ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছিল।
স্থানীয়দের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বোর্দুর যে স্থানে শুক্রবারের দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে বিপজ্জনকভাবে বাঁক নিয়েছে সড়ক। গাছের গুঁড়িবাহী লরির সঙ্গে বাসটির সংঘর্ষের পরপরই দুটি বাহন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৩ জনের।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাসের চালক বেঁচে গেলেও লরি চালক ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।
দুর্ঘটনার পর দমকল বাহিনীর ৬০ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে আকাশপথে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
বাসের অধিকাংশ যাত্রী ছিলেন পেতি পালে নামের একটি ছোট্ট শহরের প্রবীণ সংঘের সদস্য। ওই বাসে চড়ে লঁদে অঞ্চলে বেড়াতে যাচ্ছিলেন তারা।
মর্মান্তিক এ দুর্ঘটনা সাতশ বাসিন্দার শহর পেতি পালেকে শোকে স্তব্ধ করে দিয়েছে। পিসগিয়াঁর আঞ্চলিক পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
