সুইডেনে স্কুলে হামলার কারণ ‘বর্ণবাদ’
সুইডেনে একটি স্কুলে মুখোশ পরিহিত এক ব্যক্তির তরবারি নিয়ে হামলা চালিয়ে শিক্ষক ও ছাত্র হত্যার ঘটনাকে ‘বর্ণবাদপ্রসূত’ বলে মনে করছে পুলিশ। ওই ঘটনায় আহত হয়েছেন দুইজন।
পুলিশ প্রধান নিকলাস হলগ্রেনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হত্যাকারীর অ্যাপার্টমেন্টে পাওয়া উপাত্ত এবং হত্যাকাণ্ড ঘটানোর আগে-পরে তার আচরণে পুলিশের এমন ধারণা তৈরি হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২১ বছর বয়সী এই হামলাকারী উগ্র ডানপন্থিদের প্রতি সহানুভূতিশীল বলে মনে হয়েছে।
গোটেনবার্গের কাছে পশ্চিমাঞ্চলীয় ট্রলহাটন শহরের ক্রোনান স্কুলে তরবারি হাতে মুখোশপরিহিত ওই ব্যক্তি বৃহস্পতিবার পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেন।
হামলার আগে তাকে মুখোশপরিহিত অবস্থায় তরবারি হাতে ছাত্রদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। ছাত্ররা ভেবেছিল হামলাকারী হ্যালোইন উপলক্ষ্যে এমন করে সেজেছেন।
পুলিশ এখনো ওই হত্যাকারীর নাম প্রকাশ করেনি। যদিও পুলিশ জানিয়েছে, হামলাকারী ট্রলহাটন শহরের স্থানীয় বাসিন্দা।
হামলার সময় আতঙ্কিত শিক্ষার্থীদের চিৎকার-চেঁচামেচি ও হুড়োহুড়িতে স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০ টা ১০ এর দিকে স্কুলের ক্যাফে এলাকা থেকে হামলার ঘটনা সম্পর্কে জরুরি ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
হামলায় ৪১ বছর বয়সী আহত এক শিক্ষক ঘটনাস্থলেই মারা যান। ১৭ ও ১৫ বছর বয়সের দুই ছাত্র ও আরেকজন শিক্ষককে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে নেয়ার পর ১৭ বছর বয়সী ছাত্র মৃত্যুবরণ করেন।
সুইডেনে স্কুলে হামলার ঘটনা খুবই বিরল। ১৯৬১ সালে গোথেনবার্গের কাছের একটি এলাকার এক স্কুলে গুলির ঘটনায় একজন নিহত এবং ৬ জন আহত হয়েছিল।
এরপর ফের স্কুলে হামলার ঘটনা এটিই প্রথম।
