২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমায় প্রথম ক্যান্সার রোগী

জাপানের ফুকুশিমায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে  ক্ষতিগ্রস্ত পারমাণবিক চুল্লির তেজস্ক্রিয়তা থেকে প্রথমবারের মতো একজনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ,জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

প্রায় সাড়ে চার বছর আগে হওয়া এ সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্রের এক কর্মচারী লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে। এছাড়াও আরও ১৩ জন কর্মচারী ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ৩০ বছরের এক যুবক ২০১১ সালে নভেম্বর থেকে ২০১৩ সালে ডিসেম্বর পর্যন্ত ফুকশিমা পারমাণবিক চুল্লিতে কাজ করেছিল।

চুল্লিটি দীর্ঘদিন বন্ধ থাকায় সে কাজ হারায়। কিন্তু এ সময়ে তার দেহে ক্যান্সারের উপসর্গ ধরা পড়ে।

লিউকোমিয়ায় আক্রান্ত হওয়া এই যুবকের দেহে ১৫ দশমিক ৭ মিলিসিভার্ট মাত্রায় পারমাণবিক তেজস্ক্রিয়তা ধরা পড়েছে, যা স্বাভাবিক মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। তেজস্ক্রিয়তা ধীরে ধীরে শরীরে ও পরিবেশে ছড়িয়ে পড়ায় এর সংখ্যা আরও বাড়তে পারে।

তবে আমরা ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে থাকা আরও ১৩ কর্মচারীকে সনাক্ত করতে সক্ষম হয়েছি।

২০১১ সালের মার্চ হওয়া সুনামিতে বেশ কয়েক হাজার মানুষ প্রাণ হারায়। এছাড়া, ফুকুশিমার পারমাণবিক চুল্লিটি ভেঙে পড়ায় ওই এলাকার লোকজনকে সরিয়ে নেয়া হয়েছিল। চলতি বছরের অগাস্টে ফুকুশিমার আশেপাশে ফের বসবাসের সুযোগ পায় মানুষজন।