আসাদের আকস্মিক রাশিয়া সফর
কোনো পূর্বঘোষণা ছাড়াই রাশিয়া সফর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতও করেছেন তিনি।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটিই আসাদের প্রথম বিদেশ সফর।
আসাদকে সাহায্য করতে ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া।
রাশিয়ার দাবি, তারা সিরিয়ায় অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর বিমান হামলা চালাচ্ছে। কিন্তু বাস্তবে তারা মূলত আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর হামলা করছে।
মঙ্গলবার সন্ধ্যায় মস্কো যান আসাদ। বুধবারই আবার তিনি রাজধানী দামেস্ক ফিরে আসেন। আসাদের দেশে ফিরে আসার পর তার রাশিয়া সফরের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আসাদের এই আকস্মিক সফর তার আত্মবিশ্বাস ফিরে আসার লক্ষণ বলে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়। তিনি দামেস্ক ছেড়ে যাওয়া নিরাপদ মনে করেছিলেন বলেই গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দেশ ছেড়ে বাইরে গেলেন।
ক্রেমলিনের পক্ষ থেকে আসাদ ও পুতিনের বৈঠকের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, রাশিয়া সফরে যাওয়ায় আসাদকে ধন্যবাদ জানান পুতিন।
পুতিন বলেন, মস্কো সিরিয়ার গৃহযুদ্ধে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চায়। যাতে রাজনৈতিকভাবে সমস্যার দীর্ঘময়াদী সমাধান করা সম্ভব হয়।
"রাশিয়া চায়, সমস্যা সমাধানে সব রাজনৈতিক দল, আদিবাসী ও ধর্মীয় দলগুলো আলোচনায় বসুক।"
কয়েক বছর ধরে কারও সহযোগিতা ছাড়া প্রায় একাই আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করা ও টিকে থাকার জন্য পুতিন সিরিয়ার জনগণের প্রশংসা করেন।
পুতিন বলেন, "তাদের ভয়ঙ্কর ক্ষতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু সম্প্রতি তারা যুদ্ধে গুরুত্বপূর্ণ ফল অর্জন করেছে।"
সিরিয়ার অখণ্ডতা রক্ষা ও স্বাধীনতার জন্য পাশে দাঁড়ানোয় রাশিয়াকে ধন্যবাদ দিয়েছেন আসাদ।
রাশিয়ার বিমান হামলা সম্পর্কে আসাদ বলেন, রাশিয়ার হস্তক্ষেপ সিরিয়ায় সন্ত্রাসবাদ আরও ছড়িয়ে পড়া ও মারাত্মক আকার ধারণ করা রোধ করবে।
তিনি বলেন, "রাশিয়ার হস্তক্ষেপের কারণে সিরিয়া ভবিষ্যতে আরও মর্মান্তিক পরিস্থিতিতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।"
"একটি রাজনৈতিক সমাধানে উপনীত হওয়ার পথে সন্ত্রাস প্রকৃত বাধা। অবশ্যই সিরিয়ার সব মানুষ শুধুমাত্র একজন নেতা বাছাই করতে নয় বরং তাদের দেশের ভবিষ্যতের সিদ্ধান্তগ্রহণে অংশ নিতে চায়।"
