মাদকের ব্যক্তিগত ব্যবহারে ‘বৈধতার’ প্রস্তাব প্রত্যাহার
ব্যক্তিগত পর্যায়ে মাদকদ্রব্যের ব্যবহার ‘বৈধ’ করার একটি প্রস্তাব বিরোধিতার মুখে প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘের একটি সংস্থা।
জাতিসংঘের মাদক ও অপরাধ (ইউএনওডিসি) বিষয়ক কার্যালয় থেকে দেয়া প্রস্তাবটি কুয়ালালামপুরে চলমান আন্তর্জাতিক ঝুঁকি হ্রাস শীর্ষক সম্মেলনে উত্থাপনের কথা ছিল।
এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে ‘ওষুধ ও মাদকের ব্যক্তিগত ব্যবহার বৈধ’ করার পাশাপাশি এসবের কারণে ‘গ্রেপ্তার ও কারাদণ্ডের বিধান’ তুলে দেয়ার প্রস্তাব করা হয়েছিল।
কমপক্ষে একটি রাষ্ট্রের বিরোধিতায় এটি প্রত্যাহার করে নেয়া হয় বলে ফাঁস হওয়া তথ্যের সূত্রে বিবিসি জানিয়েছে।
আন্তর্জাতিক ওষুধ নীতিমালা ও সেগুলোর ব্যবহারবিধি নিয়ে ইউএনওডিসি কাজ করে। সংস্থাটির ভিয়েনায় অবস্থিত এইচআইভি/এইডস বিভাগের প্রধান ড. মনিকা বেগ প্রত্যাহার করে নেয়া প্রস্তাবটি প্রণয়ন করেন বলে বিবিসি জানিয়েছে।
প্রস্তাবে আন্তর্জাতিক ওষুধ নীতিমালায় ‘স্বাস্থ্য ও মানবাধিকারের সমন্বয়’ দাবি করে বলা হয়, “চিকিৎসা ব্যতীত ওষুধ ও মাদকের ব্যবহারকে অপরাধ হিসেবে দেখার যে প্রবণতা রয়েছে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিরাপত্তা ও মানবাধিকারের জন্য নেতিবাচক।’
তবে ড. বেগের এই প্রস্তাব সংস্থার ‘অনুমোদিত নয়’ বলে বিবিসিকে ইউএনওডিসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। তিনি ড. বেগকে ‘মধ্যম সারির কর্মকর্তা’ উল্লেখ করে বলেন, এ প্রস্তাব তার (ড. বেগের) পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে দেয়া।
মাদকের ব্যবহার বিশ্বের বেশিরভাগ দেশেই অপরাধ হিসেবে বিবেচিত হয়। ২০১৪ সালে শুধু ইংল্যান্ডেই এ ধরনের অভিযোগে ৩৬ হাজার নাগরিককে আইনের মুখোমুখি হতে হয়েছে। ওয়েলসের প্রায় ১২শ’ নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করতে হয়েছে।
ইউএনওডিসির ওই প্রস্তাবে স্বল্প পরিসরে মাদক ব্যবসাকে অনুমোদন দেয়ার কথাও ছিলো।
“ছোট ছোট মাদক বিষয়ক ব্যাপার যেমন, ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদকের খুচরা ব্যবসা এবং প্রান্তিক পরিবেশে বেঁচে থাকার উপাদান হিসেবে যেসব মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালিত হয় তা আসলে ছোটখাট প্রকৃতির অপরাধ।”
এসব অপরাধে শাস্তি নয় দরকার “পুনর্বাসন, সামাজিক যত্ন ও সেবা”।
প্রস্তাবটির ভবিষ্যৎ সম্পর্কে অবশ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রস্তাবনাগুলো ‘আনুষ্ঠানিক নীতি’তে পরিণত হওয়ার আগে আরও আলোচনা ও সমঝোতার দরকার হবে বলে ইউএনওডিসি’র একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।
২০১৬ সালের এপ্রিলে ‘বৈশ্বিক ওষুধ সমস্যা’ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে ইংল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকের ব্যবহার সম্পর্কিত ‘বিতর্কিত’ এই ধারণাকে উড়িয়ে দিয়ে বলেছে, “এই প্রস্তাব ওষুধ ও অ্যালকোহলের কারণে একজন ব্যক্তি কী কী ক্ষয়-ক্ষতি ঘটাতে পারে সেইসব ঝুঁকিকে আমলে নেয়নি।”
“এমনকি এর কারণে দায়ী ব্যক্তির পরিবার ও সমাজ কী ধরণের অর্থনৈতিক ও সামাজিক ঝক্কি-ঝামেলার মধ্যে পড়ে তাও আমলে নেয়া হয়নি ।”
ওষুধ নীতিমালায় ‘মানবাধিকারের’ কথা বিবেচনা না করায় ইউএনওডিসি এর আগে বারবারই মানবাধিকার কর্মীদের সমালোচনার শিকার হয়েছে। মানবাধিকার কর্মীদের ধারণা, জাতিসংঘের একমাত্র এই সংস্থাই সরকারগুলোকে ওষুধ নীতিমালা ‘কুক্ষিগত করে রাখা’র পরামর্শ দিয়ে আসছিল।
জাতিসংঘের অন্যান্য সংস্থা যেমন, ইউএনএইডস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অনেক আগে থেকেই মাদক ব্যবহারে শাস্তি প্রদানের বিরোধিতা করে আসছে।
শেষ পর্যন্ত কার্যতালিকায় অন্তর্ভুক্ত না হওয়া অপ্রকাশিত এ প্রস্তাব প্রসঙ্গে লবি গ্রুপ ‘ট্রান্সফর্ম’ সোমবার বলেছে, “দুর্বৃত্তায়নের কারণে সৃষ্ট ক্ষতির বিরুদ্ধে এ প্রস্তাব বিধ্বংসী সমালোচনা।”
“ওষুধ খাতে বৈশ্বিক যুদ্ধ নিরসনের দায়িত্বে থাকা সংস্থাটির প্রস্তাবে মাদক ব্যবহারে শাস্তির অপ্রয়োজনীয়তা ও অসামঞ্জস্যতার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে এটি অসুস্থতা, সংঘর্ষ ও মৃত্যুর জন্য দায়ী এবং স্বাস্থ্য ও মানবাধিকারের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক বাধ্যবাধকতার পরিপন্থি।”, -বলেন ট্রান্সফর্মের মুখপাত্র ড্যানি কুশলিক।
গ্লোবাল কমিশন অন ড্রাগ পলিসির শীর্ষ কর্মকর্তা স্যার রিচার্ড ব্রেনসনও এক প্রতিক্রিয়ায় অপ্রকাশিত এই প্রস্তাবের পথে হাঁটতে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
ব্লগে লেখা এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মাদক ব্যবহারে শাস্তির বিধান যে ক্ষতিকর এবং তা অযাচিত লোক ও অর্থক্ষয় করে এ সম্বন্ধে ইউএনএইডস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএন ওমেন, ইউএনডিপি, ইউএনএইচসিআর, কফি আনান ও বান কি মুন বলেছিলেন। ইউএনওডিসিও এখন অন্যান্য সংস্থার সঙ্গে একই সুরে কথা বলছে দেখে ভালো লাগছে।”
“আমি আশা করবো যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের সরকার এখন এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে আরো সাহসী ও ক্ষমতাবান হয়ে উঠবে।”
