২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারী অভিযোগে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ছুরি হাতে হামলা করেছিল অভিযোগে তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Oct 2015, 08:03 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

শনিবার পৃথক তিনটি স্থানে ওই ঘটনাগুলো ঘটে।

ইসরায়েলের দাবি ওই তিন ফিলিস্তিনি ছুরি নিয়ে হামলার চেষ্টা করার সময় তাদের গুলি করা হয়।

তবে একটি ঘটনার প্রত্যক্ষদর্শী এক ফিলিস্তিনি রয়টার্সকে বলেন, ইহুদি বসতি সংশ্লিষ্ট সহিংসতার ফল এই হত্যাকাণ্ড।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা ওই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৪০ জন ফিলিস্তিনি ও সাত জন ইসরায়েলির মৃত্যু হয়েছে।

ইসরায়েল পুলিশের দাবি, পূর্ব জেরুজালেমে ১৬ বছর বয়সী এক কিশোর সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করার সময় ইসরায়েলের সীমান্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থামতে বলে।

"তখন সে একটি ছুরি বের করে কর্মকর্তাদের আঘাত কারার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়।"

দ্বিতীয় ঘটনাটি ঘটে পশ্চিম তীরের হেবরন শহরের ইহুদি বসতির কাছে।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, একজন ফিলিস্তিনি ইসরায়েলের একজন বেসামরিক নাগরিককে ছুরি মারতে উদ্যত হয়। ইসরায়েলের ওই ব্যক্তির কাছে বন্দুক ছিল এবং তিনি সেটা বের করে হামলাকারীকে গুলি করে হত্যা করেন।

ফিলিস্তিনের একজন স্কুল শিক্ষার্থী ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। মেয়েটির বাবা রয়টার্সকে বলেন, "আসলে একজন ইহুদি বসতি স্থাপনকারী একজন নিরস্ত্র ফিলিস্তিনিকে আক্রমণ করলে ওই ঘটনা ঘটে।"

হেবরনেরই অন্য একটি স্থানে এক ফিলিস্তিন নারী ইসরায়েলের একজন নারী সীমান্ত পুলিশের হাতে ছুরিকাঘাত করলে ওই নারী পুলিশ আক্রমণকারীকে গুলি করে।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে একবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও ২০১৪ সালে ইসরায়েলের কারণে তা স্থগিত হয়ে যায়।

সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আগামী সপ্তাহে জার্মানিতে নেতানিয়াহু ও কেরির সাক্ষাৎ হবে। সেখানে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।