২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের শান্তিচুক্তি

কয়েক দশক ধরে চলা সংঘর্ষের অবসানের লক্ষ্যে আটটি সশস্ত্র বিদ্রোহী দলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষর করছে মিয়ানমার সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 09:57 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

এই চুক্তি 'ভবিষ্যৎ শান্তির পথ উন্মোচন করবে' বলে আশা প্রকাশ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন।

প্রায় দুই বছর ধরে আলোচনার পর এই চুক্তি সাক্ষর হলো। যদিও আরো সাতটি সশস্ত্র বিদ্রোহী দল যারা আলোচনায় অংশ নিয়েছিল তারা শেষ পর্যন্ত চুক্তি সাক্ষর করেনি।

বিবিসির খবরে বলা হয়, সবচেয়ে সক্রিয় বিদ্রোহী দলগুলোই যুদ্ধবিরতি চুক্তি সাক্ষর করেনি।

থেইন সেইন বলেন, "সরকার বাকি সংগঠনগুলোকে এই চুক্তির আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা করবে।"

"তাদের জন্য দরজা খোলা আছে।"

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী ও অন্যান্য বিদ্রোহী দলের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।

এর ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে এবং স্বাধীনতার এত বছর পরও দেশটিতে পূর্ণ গণতন্ত্র আসেনি।

আর মাত্র কয়েক সপ্তাহ পর মিয়ানমারে জাতীয় নির্বাচন।

সরকার আশা করছে, বৃহস্পতিবারের চুক্তি দেশটিতে দীর্ঘস্থায়ী স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হবে।

রাজধানী নে পি তোতে ওই চুক্তিসাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট সেইন বলেন, "আজ মিয়ানমারের জন্য ঐতিহাসিক দিন।"

"আমরা আমাদের দেশের শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য নতুন পথের সূচনা করতে সক্ষম হয়েছি।"

যে সব সশস্ত্র বিদ্রোহী দল চুক্তি সাক্ষর করেছে তাদের একটি হলো, কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)।

কেএনইউ'র প্রধান বলেন, "আজ ইতিহাসে একটি নতুন পাতা যোগ হলো। সাহসী এবং শক্তিশালী আলোচনার মাধ্যমেই এটা সম্ভব হয়েছে।"

যে সব দল চুক্তি সাক্ষর করেছে সেগুলোকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে এ সপ্তাহের শুরুতে  সরকারের 'বেআইনী সংগঠনের' তালিকা থেকে তাদের বাদ দেয়া হয়েছে।

জাতিসংঘ, ইউরোপীয়ান ইউনিয়ন ও চীনের প্রতিনিধিরা চুক্তিসাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে বিরোধী দলের নেত্রী অং সান সুচি এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।