২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হারিয়ে যাওয়া ভারতীয় মেয়েটি এক দশক পর দেশে ফিরছে

ভারতের বাক ও শ্রবণ প্রতিবন্ধী একটি মেয়ে যে ঘুরতে ঘুরতে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ প্রায় এক দশক পর সে দেশে ফিরছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Oct 2015, 06:16 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

১১ বছরের সেই ছোট্ট মেয়েটি এখন ২১ বছরের তরুণী, নাম গীতা। এ মাসে তার নিজ দেশ ভারতে ফিরে আসার কথা রয়েছে।

পাকিস্তানে যে দাতব্য সংস্থাটির আশ্রয়ে সে ছিল সেখানকার কর্মকর্তারা বৃহস্পতিবার রয়টার্সকে তার ভারতে ফিরে যাওয়ার কথা জানায়।

বৃহস্পতিবার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিহারের একটি পরিবারের ছবি দাতব্য সংস্থা  ইদহি ফাউন্ডেশনে পাঠানো হয়।

করাচি ভিত্তিক এই সংস্থাটিতেই এতদিন ধরে বসবাস করছে গীতা।

ছবিটি দেখে গীতা তার পিতা-মাতা ও ভাইবোনকে চিনতে পারে।

ইদহি'র একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "ভারত সরকার এরই মধ্যে গীতার ফিরে যাওয়ার সম্ভাব্য তারিখ ১৯ বা ২৬ অক্টোবর বলে আমাদের জানিয়েছে। ওই তারিখ মাথায় রেখেই প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে।"

ভারতের পররাষ্ট্রমন্ত্রী  সুষমা স্বরাজ টুইটারে লেখেন, "গীতা শিগগিরই ভারতে ফিরে আসবে। আমরা তার পরিবারকে সনাক্ত করতে পেরেছি। ডিএনএ টেস্টের পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

সম্প্রতি মুক্তি পাওয়া ভারতে একটি সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'র কাহিনীও অনেকটা এই রকম।

সিনেমাটিতে দেখা যায়, সুপারস্টার সালমান খান বাক ও শ্রবণ প্রতিবন্ধী একটি পাকিস্তানী মেয়েকে খুঁজে পায় এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা করে।

পুরনো খবর:

হারিয়ে যাওয়া বোবা মেয়ে মিলালো ভারত-পাকিস্তানকে