২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজ এমপিদের নতুন চেয়ার হল না

কিরগিজস্তানের পার্লামেন্টে আইন প্রণেতাদের (এমপি) বসার জন্য ৩৮ হাজার ডলারে ১২০টি নতুন চেয়ার কেনার এক পরিকল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদের মুখে ভেস্তে গেছে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 11:27 AM

Updated : 25 Apr 2022, 02:00 PM

চেয়ারগুলো কিনতে সরকারি তরফ থেকে একটি দরপত্র আহ্বান করা হলেও মঙ্গলবার দেশটির প্রশাসনিক অফিস তা বাতিল করে দেয় বলে ক্লুপ ডটকেজি নামে ব্যক্তিমালিকানাধীন একটি ওয়েবসাইট জানিয়েছে।

এর আগে প্রশাসনিক দপ্তরের সহকারি প্রধান নুরবেক কাদিরভ কেনিউজ ডটকেজি-কে বলেছিলেন, ২০১০ সালে কেনা এমপিদের বসার চেয়ারগুলো ‘জরাজীর্ণ’ হয়ে পড়ায় নতুন চেয়ারের দরপত্র ডাকা হচ্ছে।

পুরনো চেয়ারগুলো শিশুসদন ও স্কুলে দান করা হবে বলেও তখন তিনি জানিয়েছিলেন।

এমপিদের জন্য নতুন চেয়ার কেনার দরপত্র ডাকার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিরগিজরা এর তীব্র প্রতিবাদ জানান।

তারা ‘ওয়ানটুয়েন্টি সিটস’ এবং ‘মাই চেয়ার’ হ্যাশ ট্যাগ ব্যবহার করে ‘এমপিরা কেন বর্তমান চেয়ার নিয়ে সন্তুষ্ট নয়’ তা জানতে চায়।

কেউ কেউ পুরনো চেয়ারের ছবি প্রকাশ করে ‘এমপিদের এ ধরনের চেয়ারই ব্যবহার করা উচিত’ বলেও মন্তব্য করেন।

এক ফেইসবুক ব্যবহারকারী তার পুরনো কাঠের চেয়ারের ছবি দিয়ে পোস্ট করে বলেন, “চলো, এমপিদের চেয়ার দেই। নিশ্চয় তোমাদের চালা বা গ্যারেজে এরকম একটি এমনিই পড়ে থাকে।”

টুইটার ব্যবহারকারী অন্য এক কিরগিজ তার প্রায় নষ্ট হয়ে যাওয়া প্লাস্টিকের চেয়ারের ছবির নিচে লেখেন, “এই চেয়ারটি এমপিদের চেয়ে বেশি সুবিধা দেয়। লজ্জা!”

প্রতিবাদকারী কিরগিজরা দরপত্রের ২৬ লাখ কিরগিজ মুদ্রা দিয়ে ক্যান্সার চিকিৎসার সরঞ্জাম কেনার জন্যও সরকারের প্রতি আহবান জানান।