যৌন ব্যবসায়ীদের কবল থেকে শতাধিক কিশোর-কিশোরী উদ্ধার
যুক্তরাষ্ট্র জুড়ে যৌনকর্মী পাচার চক্রের বেশ কয়েকটি ঘাঁটিতে হানা দিয়ে যৌন নির্যাতনের শিকার একশ'র বেশি কিশোর-কিশোরীকে উদ্ধার করেছে এফবিআই।
আটলান্টা, ডেনভার ও সিয়াটলসহ ডজনখানেকের বেশি শহরে এই অভিযানে পাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ১৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এফবিআই কর্তৃপক্ষ জানায়, যৌন নির্যাতনের শিকার যেসব কিশোর-কিশোরীদের তারা উদ্ধার করেছে তাদের মধ্যে ১২ বছরের শিশুও রয়েছে।
এফবিআই হোটেল, ক্যাসিনো ও লরিস্টপগুলোতে অভিযান চালিয়ে ওই কিশোর-কিশোরীদের উদ্ধার করে।
যাদের উদ্ধার করা হয়েছে তাদের অধিকাংশই কিশোরী। তবে তাদের মধ্যে তিনজন কিশোর ও তিনজন হিজড়া রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এফবিআই'র পরিচালক জেমস কমি এক বিবৃতিতে বলেন, "জীর্ণ হোটেলে বা রাস্তার পাশের অন্ধকারের মধ্যে যখন কোন শিশুকে পণ্য হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয় তখন আমাদের অবশ্যই তাদেরকে তাদের ওই দুঃস্বপ্ন থেকে উদ্ধার করতে হবে। একই সঙ্গে ওই ভয়ঙ্কর ঘটনার জন্য যারা দায়ী তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে।"
