২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বোমারু বিমানের দায়িত্ব পাচ্ছে নারীরা

আকাশে বৈষম্যের সীমারেখা ভেঙে এবার নারী চালকদের হাতেও বোমারু বিমানের দায়িত্ব তুলে দিচ্ছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:13 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

ভারতীয় বিমান বাহিনীর ৮৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা।

তিনি বলেন, নারীদের হাতে বড় ধরনের দায়িত্ব তুলে দেয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী সব ধরনের বাধা তুলে নিয়েছে।

গত বহস্পতিবার বিমান বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজ অনুষ্ঠানে রাহা আরও বলেন, তিনি আশা করছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রথম ব্যাচের নারী পাইলটদেরকে জঙ্গি বিমান চালানোর জন্য প্রস্তুত করা সম্ভব হবে।

"আমাদের নারী পাইলটরা পরিবহন বিমান ও হেলিকপ্টার চালায়। তরুণ নারীদের আকাঙ্ক্ষা পূরণ করে এখন আমরা তাদের দিয়ে জঙ্গি বিমান চালানোর পরিকল্পনা করছি। "

বিশ্বের অনেক দেশেই নারী পাইলটরা বোমারু বিমান চালায়। যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল, এমনকি পাকিস্তানেও নারী পাইলটরা জঙ্গি বিমান চালায়।

কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে এর আগে নারী পাইলটদের এ ভূমিকায় দেখা যায়নি। এমনকি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ বা সম্মুখ যুদ্ধেও নারীদের অংশগ্রহণ নেই।

যদিও দেশটির আদালত বেশ কয়েকবার সেনাবাহিনীতে নারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির নির্দেশ দিয়েছে।

তবে গত কয়েক বছর যাবৎ স্থায়ী কমিশন দেয়ার পাশপাশি নারীদের বেশকিছু সুবিধা দেওয়া শুরু করে ভারতীয় সেনাবাহিনী। নারীদের জঙ্গি বিমান চালানোর অনুমতি দেয়া এক্ষেত্রে সর্বশেষ সংযোজন।

অথচ মাত্র এক বছর আগেই রাহা এ সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

রাহার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তখন তিনি বলেছিলেন, নারীরা বিস্তৃত এলাকায় জঙ্গি বিমান চালানো উপযুক্ত না।

বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে পাইলট সঙ্কট দেখা দিয়েছে। সেইসঙ্গে সোভিয়েত যুগের বিমান বাহিনী নিয়ে বর্তমান সময়ের সঙ্গে পাল্লা দিতে তাদের বেশ ভুগতে হচ্ছে।

এপ্রিলে দেশটির সংসদীয় প্রতিরক্ষা প্যানেল ভারতীয় বিমান বাহিনীর সমস্যা সমাধানে সরকারি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিল।

ভারতীয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১১ লাখ। সংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সেনা বহর।

এর মধ্যে বিমানবাহিনীর সদস্য সংখ্যা এক লাখ ২০ হাজার, যাদের মধ্যে মাত্র ১৫০০ জন নারী।

ওই নারীদের মধ্যে ১০৮ জন পরিবহন বিমান ও হেলিকপ্টারের পাইলট।