২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাসপাতালে হামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র’

আফগানিস্তানের কুন্দুজে `মিতসাঁ সঁ ফ্রঁতিয়’ বা ‘ডক্টরস উইথআউট বর্ডারস’ (এমএসএফ) পরিচালিত একটি হাসপাতালে প্রাণঘাতী বিমান হামলায় নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2015, 11:32 AM

Updated : 12 Oct 2022, 04:17 PM

শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) মুখপাত্র পিটার কুক একথা জানান। ক্ষতিগ্রস্ত হাসপাতালটির মেরামত খরচ বহন করা হবে বলেও জানিয়েছেন তিনি।   

৩ অক্টোবর ভোররাতে কুন্দুজের ওই হাসপাতালে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন এমএসএফের কর্মী। হামলায় হাসপাতালটি আংশিক বিধ্বস্ত হয়।

হামলার ঘটনাটিকে ‘গুরুতর ভুল’ বলে স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। এ ঘটনার জন্য এমএসএফের কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণায় কুক বলেন, “কুন্দুজের হাসপাতালটিতে চালানো শোচনীয় হামলার ফলাফলের গুরুত্ব তুলে ধরা উচিত বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

“সমবেদনামূলক ক্ষতিপূরণ ও হাসপাতাল মেরামতের খরচ দেওয়ার কর্তৃত্ব আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বাহিনীর আছে।”

ক্ষতিগ্রস্ত সবাইকে উপযুক্ত ‘ক্ষতিপূরণ’ দেওয়া হবে এবং প্রয়োজনে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি।

অপরদিকে এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বর্ণনা করে আন্তর্জাতিক কমিশন গঠন করে বিষয়টি তদন্তের দাবি জানিয়ে আসছে এমএসএফ।