সিরিয়ার বিষয়ে পুতিনকে সতর্ক করলেন ওবামা
সিরিয়ায় বিদ্রোহীদের দমনে বিমান হামলার সিদ্ধান্ত ভবিষ্যতে রাশিয়ার 'চোরাবালির' দিকে টেনে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বারবার আক্রমণ করে কথা বলেন ওবামা।
ওবামা বলেন, "রাশিয়া ও ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সাহায্য করছে এবং জনগণকে সান্ত্বনা দেত্তয়ায় চেষ্টা করছে। শুধুমাত্র তাদের (রাশিয়াকে) চোরাবালির দিকে ঠেলে দেয়া ছাড়া এই কার্যকলাপ আর কোনো কাজে আসবে না।"
"পুতিন শক্তি দেখাতে নয় বরং দুর্বলতা ঢাকতে সিরিয়ার বিষয়ে হস্তক্ষেপ করেছে। কারণ তাদের বন্ধু আসাদের শক্তি শেষ হয়ে যাচ্ছে। এখন তার জন্য অস্ত্র ও অর্থ পাঠানো আর যথেষ্ট নয়।"
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে সহায়তা করতে গত বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়ার বিমান বাহিনী।
রাশিয়ার বিমান হামলার ভয়ে শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি।
সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। এর মধ্যে রাশিয়ার বিমান হামলার সিদ্ধান্ত যুদ্ধে বিদেশী হস্তক্ষেপ নাটকীয় ভাবে বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
রাশিয়ার এ সিদ্ধান্ত দেশের ভেতরে ওবামার সমালোচনাকারীদের আরও উস্কে দিয়েছে। সমালোচনাকারীদের আভিযোগ, সিরিয়ার সঙ্কট সমাধানে ওবামার সদিচ্ছার অভাবেই মস্কো কয়েক দশকের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্য এ নিজেদের সামরিক শক্তি দেখানোর সবচেয়ে বড় সুযোগটি পেয়ে গেছে।
ওদিকে, গত ১০ দিনে শত শত ইরানি সেনা সিরিয়ায় পৌঁছেছে। তারা রাশিয়ার বিমান হামলার সহায়তায় শিগগিরই বড় ধরনের স্থল অভিযান শুরু করতে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের লেবানিজ হিজবুল্লাহ মিত্রবাহিনীর সঙ্গে যোগ দেবে। লেবাননের দুটি সূত্র রয়টার্সকে একথা জানিয়েছে।
মুসলিম বিশ্বে আসাদের সবচেয়ে বড় সমর্থক ইরান।
ওবামা রাশিয়া ও ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, তারা সিরিয়ার অধিকাংশ জনগণকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং দেশটির সুন্নি মুসলিম প্রতিবেশীদের ক্ষুব্ধ করছে।
ওদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও রাশিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ইউক্রেইন বিষয়ে এক বছর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান ইউনিয়ন মস্কোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শুক্রবারের সংবাদ সম্মেলনে সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে রাশিয়াকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন ওবামা।
