২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় জোড়া বোমা হামলায় বহু হতাহত

নাইজেরিয়ার রাজধানী আবুজার কাছে দুটি এলাকায় দুটি বোমা হামলায় বহু হতাহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 04:06 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ‘প্রায় যুগপৎভাবে’ হামলা দুটি চালানো হয় বলে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 

প্রথম বোমা হামলার ঘটনাটি আবুজা থেকে ৪০ কিলোমিটার দূরে কুজের একটি থানার সামনে। দ্বিতীয়টি নাইয়ানাইয়ার একটি বাস স্টপেজে।

কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও এসব হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকেই সন্দেহ করা হচ্ছে।

জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল বলেছেন, “অনেকেই নিহত হয়েছেন, কিন্তু এখন সংখ্যার বিষয়ে আমরা কিছু বলতে পারবো না।” 

হামলায় ব্যবহৃত বিস্ফোরকগুলো দেশটির উত্তরপূর্বাঞ্চলে ‘বিদ্রোহীদের ব্যবহৃত বিস্ফোরকের মত একই ধরনের’ বলে জানিয়েছেন তিনি। 

এর আগে বোকো হারাম বিদ্রোহীরা রাজধানী আবুজায় বোমা হামলা চালালেও তাদের তৎপরতা মূলত দেশটির উত্তরপূর্বাঞ্চলেই সীমাবদ্ধ। ওই এলাকায় একটি শরিয়াভিত্তিক ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ শুরু করে জঙ্গিগোষ্ঠীটি।