গুলিতে হত্যা নৈমিত্তিক হয়ে উঠেছে: ওবামা
যুক্তরাষ্ট্রে গুলি করে মানুষ হত্যার ঘটনা বেড়ে যাওয়ার ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গুলিতে গণহারে হত্যা নৈমিত্তিক হয়ে উঠেছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওরিগনে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে জাতির উদ্দেশে ভাষণে ওবামা এ ঘটনার নিন্দা জানান। পুনরায় বন্দুক আইন কঠোরকরার দাবিও জানান তিনি।
এ নিয়ে ১৫ বারের মত গুলির ঘটনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিলেন ওবামা। বার বার এ ধরনের ঘটনার প্রতিক্রিয়া জানাতে জানাতে হতাশ হয়ে পড়েছেন উল্লেখ করে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, "এবিষয়ে আমরা অনুভূতিহীন হয়ে পড়েছি।"
গুলির ঘটনা 'নিয়মিত' হয়ে গেছে বলে মন্তব্য করে ওবামা বলেন, এমন ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশ করা এবং যারা বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করার প্রস্তাবের বিরোধিতা করছে তাদের প্রতিক্রিয়াওনিয়মিত হয়ে গেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ওরিগনের রোজবার্গ শহরের আম্পকুয়া কমিউনিটি কলেজে এক বন্দুকধারী গুলি করে ৯ জনকে হত্যা করে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়।
পুলিশের পক্ষ থেকে বন্দুকধারীর পরিচয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সিবিসি, সিএনএন ও এনবিসিসহ যুক্তরাষ্ট্রের টেলিভিশনগুলো পুলিশের বরাত দিয়ে ২৬ বছর বয়সী ওই যুবককে ক্রিস হার্পারমার্সার নামে উল্লেখ করেছে।
এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে বলে বিবিসি’কে জানিয়েছেন ডগলাস কাউন্টির শেরিফ জন হ্যানলিন।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর ওবামা বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি জানিয়ে বলেন, "(হতাহতদের) জন্য প্রার্থনা করাই এখন আর যথেষ্ট নয়।"
"এমন নয় যে আমরাই পৃথিবীতে একমাত্র দেশ যেখানে মানসিক ভাবে অসুস্থ লোকজন বাস করে অথবা এমন মানুষ বাস করে যারা অন্যদের ক্ষতি করতে চায়।"
"কিন্তু আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যাদের অল্প কয়েক মাসের বিরতিতেই গুলি করে এ ধরনের গণ হত্যার ঘটনা দেখতে হয়।"
বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশ দেখিয়েছে কার্যকর আইন করা সম্ভব।
ওরিগনের এ ঘটনা যুক্তরাষ্ট্রে এবছর ২৯৪তম গণ হত্যার ঘটনা। ওরিগনের বন্দুকধারীর জন্ম যুক্তরাজ্যে। বালক বয়সে সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়।
বন্দুকধারীর বাবা ইয়ান মার্সার বলেন, নিজের ছেলের কাণ্ডে সবার মতো তিনিও মর্মাহত।
ওই যুবক কেন এই হত্যাকাণ্ড চালিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পুলিশ পায়নি।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি লিখেছে, এ ধরনের কিছু করে ফেলার ইঙ্গিত সে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
সিএনএন এর খবরে বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
