‘কুন্দুজের অধিকাংশ এলাকা পুনর্দখলের দাবি আফগান বাহিনীর’
আফগানিস্তানের সরকারি বাহিনীগুলো পাল্টা বড় ধরনের হামলা চালিয়ে উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের মূল এলাকাগুলো পুনর্দখল করেছে। দেশটির সরকারি কর্মকর্তারা এই দাবি করেছেন।
বৃহস্পতিবার ভোর রাতের কয়েক ঘণ্টার অভিযানে এসব এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন তারা।
অবশ্য তাৎক্ষণিকভাবে অভিযানের বিস্তারিত ও শহরের কোন অংশগুলো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে, তা জানা যায়নি।
তবে তালেবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান সরকারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, তালেবান যোদ্ধারা এখনো কুন্দুজ শহরের কেন্দ্রীয় অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এবং শহরটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।
কুন্দুজ প্রদেশের অস্থায়ী গভর্নর হামদুল্লাহ দানিশি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “রাতে তালেবানের সঙ্গে তীব্র লড়াইয়ের পর আফগান নিরাপত্তা বাহিনীগুলো কুন্দুজ শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।”
“আমাদের নতুন বাহিনী আসার পর কুন্দুজ শহরের অভ্যন্তরে ব্যাপক অভিযান শুরু হয়। আর তা প্রতিরোধ করতে না পেরে তালেবান বিদ্রোহীরা চলে গেছে। শিগগিরই এ বিষয়ে পূর্ণ প্রতিবেদন দেব আমরা,” বলেন তিনি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিকি ট্যুইটারে বলেছেন, “এটি পুনর্দখল করা হয়েছে এবং সন্ত্রাসী মুক্ত করা হচ্ছে। শত্রুপক্ষে ব্যাপক হতাহত হয়েছে।”
২০০১ সালে আফগানিস্তানের ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার পর থেকে সোমবার প্রথমবারের মতো একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছিল তালেবান। তারপর থেকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় আফগান বাহিনীগুলো দুইদিন ধরে শহরটি পুনর্দখলের চেষ্টা করছিল।
