কুন্দুজে তুমুল লড়াই, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলার মাঝে প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ দাবি করেছেন আইনপ্রণেতারা।
গত ১৪ বছরের মধ্যে গত সোমবার প্রথম কুন্দুজ দখলে নিয়ে সবচে বড় জয় ছিনিয়ে নেয় তালেবান জঙ্গিরা। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনী শহরটি পুনর্দখলের লড়াই শুরু করলেও বড় কোনো অগ্রগতি এখনো হয়নি।
কুন্দুজ পরিস্থিতি সামাল দিতে সরকারের এ লজ্জ্বাজনক অবস্থার প্রেক্ষাপটেই আফগান আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ঘানিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
টিভিতে প্রচারিত পার্লামেন্টের একটি অধিবেশনে কাপিসা প্রদেশের পার্লামেন্টের এক সসদস্য ইকবাল সাফি বলেন, “সরকার কুন্দুজ পরিস্থতি যেভাবে সামাল দিচ্ছে তা লজ্জ্বাজনক।”
প্রেসিডেন্ট ঘানি ও তার প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর নাম উল্লেখ করে তিনি বলেন, “তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে।” এরপরই অধিবেশনে উপস্থিত অন্যান্য সদস্যরা সব একযোগে সফির দাবির প্রতিধ্বনি করেন।
মঙ্গলবার থেকেই কুন্দুজে তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই বেশ কিছু সরকারি ভবন পুনরুদ্ধার করেছে।
প্রেসিডেন্ট হিসেবে আশরাফ ঘানির এক বছর পূর্ণ হওয়ার পরই শহরটিতে আকস্মিক তালেবান হামলা হল। ঘানির এ একটি বছর রাজনৈতিক কোন্দল এবং দেশে সহিংসতা বাড়ার মধ্য দিয়েই কাটল। জাতিসংঘের হিসাবমতে, বছরের প্রথমার্ধে প্রায় ৫ হাজার বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।
ঘানির উপ মুখপাত্র সৈয়দ জাফর হাশেমি বলেন, প্রতিবাদ করার অধিকার পার্লামেন্টের আছে।
তিনি আরো বলেন, “প্রেসিডেন্টের কাছে প্রথম অগ্রাধিকার হল কুন্দুজের অধিবাসীদের নিরাপত্তা এবং এলাকাটি সন্ত্রাসীমুক্ত করা।”
তিনি বলেন, আফগান সেনারা অগ্রগতি করছে এবং কুন্দুজের পতন এত তাড়াতাড়ি কিভাবে হল তা খতিয়ে দেখতে ঘানি তদন্তের নির্দেশ দিয়েছেন।
