২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসকে ঠেকাতে আসাদকে যেতে হবে: ওবামা

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়ালেই কেবল ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করা সম্ভব হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 12:01 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

এই জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে সময় লাগবে বলেও মনে করেন তিনি।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার নিউইয়র্কে আইএস-কে নিয়ন্ত্রণ করার বিষয়ে এক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ওবামা।

আইএস-কে পরাজিত করতে সামরিক, গোয়েন্দা ও অর্থনীতিসহ সবধরনের উপায় ব্যবহার করার প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু গোষ্ঠীটির আকার প্রতিনিয়ত বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

এরআগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তারা আইএস নেতৃবৃন্দের বিরুদ্ধে নতুন বিধিনিষেধ আরোপ করছেন।

ওবামা বলেন, “সিরিয়া ও ইরাকে আইএস শিকড় গেড়ে বসেছে এবং তাদের পরাজিত করতে হলে (সিরিয়ায়) একজন নতুন নেতা ও সবপক্ষের প্রতিনিধিত্বমূলক একটি সরকার দরকার, যে সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয়দের ঐক্যবদ্ধ করতে পারবে।”

তিনি বলেন, “এটি প্রথাগত একটি লড়াই নয়। এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান। শুধু তাদের নির্দিষ্ট নেটওয়ার্কের বিরুদ্ধেই অভিযান নয়, তাদের আদর্শের বিরুদ্ধেও অভিযান।”

সম্মেলনে উপস্থিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, “সিরিয়ার ক্ষমতার পরিবর্তনে যুক্তরাজ্য ধারাবাহিক সমর্থন দিয়ে যাবে।”

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সন্ত্রাসবিরোধী শীর্ষ সম্মেলনের সমালোচনা করে এতে ‘অশ্রদ্ধা’ প্রকাশ পেয়েছে বলে দাবি করেছে চলতি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী রাশিয়া।

বুধবার চরমপন্থা মোকাবিলায় রাশিয়ার নেতৃত্বে জাতিসংঘে একটি শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, “এই উদ্যোগের মধ্যদিয়ে বিষয়টি নিয়ে জাতিসংঘের প্রচেষ্টাকে ভীষণভাবে হেয় করা হয়েছে।”