আসাদ প্রশ্নে একমত হতে পারেননি ওবামা-পুতিন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধের কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকার প্রশ্নে একমত হতে পারেননি।
৯০ মিনিটের এ বৈঠকে কেবল সিরিয়ায় সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সশস্ত্রবাহিনীর মধ্যে আলোচনা হওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছেন দু’নেতা।
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং মিত্র দেশগুলো। এর মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে অন্যান্য বাহিনীগুলোর সঙ্গে দুর্ঘটনাবশত রুশ বাহিনীর সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং রাশিয়ার মূল উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রও প্রশ্ন তুলেছে।।
তবে, ওবামার সঙ্গে বৈঠকের পর পুতিন সাংবাদিকদের বলেছেন, রাশিয়া আইএস জঙ্গিদের বিরুদ্ধে কুর্দি বাহিনী এবং সিরিয়া সরকারকে যত বেশি সমর্থন দেয়া সম্ভব ততটাই দেয়ার চিন্তাভাবনা করছে।
পুতিন আরো বলেন, সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে আসাদই হচ্ছেন একমাত্র বিকল্প। আর তাই আসাদের সামরিক বাহিনীকে সমর্থন সহযোগিতা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই উল্লেখ করে একটি বৃহত্তর সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান তিনি।
একইসঙ্গে আসাদ সরকারকে সহযোগিতা না করাটাও বড় ধরনের ভুল হবে বলে পুতিন মন্তব্য করেন।
কিন্তু এর বিপরীতে ওবামা সিরিয়ায় শিশুদের ওপর ব্যারেল বোমা হামলার জন্য আসাদকে দেশদ্রোহী আখ্যা দেন। তিনি বলেন, এত রক্তক্ষয়, এত ধ্বংসযজ্ঞের পর যুদ্ধপূর্ব অবস্থা আর ফিরে আসতে পারে না।
ওবামা ক্ষমতা থেকে প্রকাশ্যেই আসাদকে সরে যাওয়ার আহ্বান জানাননি। তবে আসাদের শাসন থেকে সরে গিয়ে কোনোভাবে একটি পরিবর্তন ঘটানোর সম্ভাবনার কথা বলেছেন তিনি। এর মধ্য দিয়ে আসাদ বিরোধী হয়েও কিছুসময়ের জন্য তার ক্ষমতায় থাকার পক্ষ সমর্থনর ইঙ্গিত দিয়েছেন ওবামা।
আইএস এর মতো দলের সঙ্গে লড়াইয়ে একনায়কোচিত শাসনই একমাত্র পথ, এমন যুক্তি নাকচ করে দিয়েছেন ওবামা। তিনি বলেন, এমন যুক্তি দেয়া মানে বাশার আল আসাদের মত দেশদ্রোহীকেই সমর্থন দেয়া। যিনি ব্যারেল বোমা ফেলে নিরপরাধ শিশুদের হত্যা করছেন।
