তাইওয়ানে ঘূর্ণিঝড় দুজুয়ানের আঘাত
তাইওয়ানে শক্তিশালী ঘূর্ণিঝড় দুজুয়ানের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে।
বিবিসি বলছে, দুজুয়ান ঘণ্টায় ১৪১ মাইল বেগে সোমবার রাতে আঘাত হানে। এতে তাইওয়ানের ১৮ লাখ ঘর-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুজুয়ান আঘাত হানার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পাশাপাশি, হাজার হাজার সেনাকে এই পরিস্থিতি মোকাবিলায় সতর্কাবস্থায় রাখা হয়।
মাত্র একদিনেই তাইওয়ানের কোনো কোনো অঞ্চলে ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি তাইওয়ানের বার্ষিক বৃষ্টিপাতের এক তৃতীয়াংশ।
তীব্র বাতাসে বিপর্যস্ত ছাতাহাতে এক নারী। ছবি: রয়টার্স
তাইওয়ানের রাজধানী তাইপেই থেকে বিবিসির সিন্ডি সুই জানিয়েছেন, একজন বৃদ্ধ ও নির্মাণ শ্রমিক দুজুয়ানের আঘাতে মারা গেছেন। এতে আহত হয়েছেন তিনশতাধিক মানুষ।
ঝড়ের কারণে দ্বিতীয় দিনের মতো স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।
এখনো ভূমিধস ও উপকূলীয় এলাকায় উঁচু ঢেউ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হুঁশিয়ারি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঝড়ের কারণে তাইপেই –এ মার্কিন গায়ক বন জোভির দ্বিতীয় রাতের মঞ্চায়ন বাতিল করা হয়েছে।
