আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ‘সমন্বয়’ চায় রাশিয়া
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক ‘সমন্বয় কাঠামো’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার বিবিসি জানিয়েছে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থনের বিষয়টিও ফের উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।
জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন।
পুতিন বলেন, “সিরীয় প্রেসিডেন্টের বাহিনীগুলোই ওই এলাকার একমাত্র বৈধ নিয়মিত বাহিনী।”
এই বাহিনীগুলোর সেনারা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করছে জানিয়ে তিনি বলেন, “এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ করার জন্য একটি সাধারণ ক্ষেত্র তৈরি করা গেলে রাশিয়া সন্তুষ্ট বোধ করবে।”
কিন্তু পশ্চিমা দেশগুলো ও সিরিয়ার বিরোধীদলগুলো বলছে, আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ও যুক্তরাষ্ট্রের ওবামা- সিরিয়ায় কোনো শান্তিচুক্তি হওয়ার পূর্বশর্ত হিসেবে প্রেসিডেন্ট আসাদের অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে বলে দাবি করেছিলেন। তাদের এই দাবি সবসময়ই প্রত্যাখ্যান করে আসছেন পুতিন।
আলোচনা চলছে, সিরীয় যুদ্ধও থেমে নেই। ছবি: রয়টার্স
