ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত ২৫
ইয়েমেনের একটি গ্রামে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হেলিকপ্টার হামলায় ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এক অধিবাসী ফোনে রয়টার্সকে জানিয়েছে, হেলিকপ্টার ধেয়ে আসার সময় লোকজন বাড়ি থেকে ছুটে পালাচ্ছিল। এ সময়ই হামলায় তারা নিহত হয়।
বনি জেলা নামক এ গ্রামটি সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের লোহিত সাগর সীমান্ত এলাকায় অবস্থিত। সৌদি আরব সীমান্ত বরাবর এলাকায় এক জেনারেলসহ তাদের তিন কর্মকর্তা নিহত হওয়ার কথা ঘোষণা করার পরদিন এ হেলিকপ্টার হামলা হল।
সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াদের ওপর গত ছয়মাস ধরে বিমান থেকে বোমা হামলা চালিয়ে আসছে। সানা থেকে হুতিদের সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় ফেরানোই এর লক্ষ্য।
