২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক উপকূলে আবারো নৌকাডুবিতে নিহত ১৭

তুরস্কের সমুদ্র উপকূলে আবারো নৌকা ডুবির ঘটনায় ১৭ শরণার্থীর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 07:30 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

তুরস্কের রাস্ট্রীয় সংবাদ সংস্থা আনাডলু এজেন্সির খবরে বলা হয়, শরণার্থী বোঝাই নৌকাটি এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসের কস দ্বীপে যাচ্ছিল। নৌকায় মোট ৩৭ জন আরোহী ছিল, যাদের মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় গভর্নর আমির সিসেকের বরাত দিয়ে আনাডলু এজেন্সির খবরে আরো বলা হয়, আট মিটার লম্বা নৌকাটিতে করে তুরস্কের উপকূলবর্তী গ্রাম গুমুসলুক থেকে শরণার্থীরা রওনা হয়।

গ্রামটি বডরুম উপদ্বীপের অংশ। তুরস্কের এ এলাকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

এছাড়া, সিরিয়ার তিন বছরের ছোট্ট শিশু আয়লান কুর্দির মৃতদেহও তুরস্কের এ এলাকাতেই ভেসে এসেছিল।

এ বছর সিরিয়া ও অন্যান্য দেশ থেকে তিন লাখের বেশি শরণার্থী গ্রিস হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

ইউরোপমুখী এই শরণার্থীদের অধিকাংশই তুরস্কের এজিয়ান উপকূল হয়ে গ্রিসে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

বডরুম থেকে কস দ্বীপের দূরত্ব মাত্র চার কিলোমিটার। অধিকাংশ সময়ই শরণার্থীরা রাবারের ডিঙ্গিতে চেপে এ পথ পাড়ি দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ডিঙ্গি চালকও থাকে অনভিজ্ঞ।