২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণরেখায় ভারতের প্রাচীর চায় না পাকিস্তান

সীমান্তে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে  নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের প্রাচীর গড়ার  পরিকল্পনার বিরোধিতা করে  এর বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নালিশ জানিয়েছে পাকিস্তান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Sep 2015, 10:23 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

ভারত এ প্রাচীর নির্মাণের পরিকল্পনা করে জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন করছে বলে পাকিস্তান অভিযোগ করেছে।

এনডিটিভি জানিয়েছে, জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট, রুশ রাষ্ট্রদূত ভিটলি চুরকিনের কাছে একটি চিঠিতে অভিযোগ করে বলেছেন, ভারত জম্মু, কাশ্মীর ও পাকিস্তানের মধ্যকার ১৯৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) বরাবর ১০ মিটার উঁচু ও ১৩৫ ফুট চওড়া প্রাচীর গড়ার পরিকল্পনা করছে।

৪ সেপ্টেম্বর এবং ৯ সেপ্টেম্বর দু’দিনে জাতিসংঘে দুইটি চিঠি লিখে ভারতের এ প্রাচীর নির্মাণের পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন লোধি। ভারতের এ পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ক বিরোধী এবং বেআইনি  বলে দাবি করেন তিনি।

ভারত তাৎক্ষণিকভাবে এ অভিযোগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দুটি চিঠিতে লোধি যা লিখেছেন তা পরষ্পরবিরোধী বলে বর্ণনা করেছে ভারত।

ভারতের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জাতিসংঘে সাংবাদিকদের বলেছেন, ভারত ‘যথাসময়েই’ এ সমস্ত দাবির জবাব দেবে।