হজের খুতবায় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের ডাক
সৌদি আরবের আরাফাত ময়দানে হজের খুতবায় আইএসের মতো উগ্রপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন গ্রান্ড মুফতি।
মহানবী হযরত মোহাম্মদ (স.) শেষবার যেখানে ধর্মীয় বয়ান দেন সেই আরাফাত ময়দানে বুধবার সমবেত হন ২০ লাখের বেশি মুসলমান, যারা হজ পালন করছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফাত ময়দানে প্রার্থনা করে সময় কাটান তারা। পরে আসেন মুজদালিফায়, যেখানে খোলা আকাশের নিচে রাত কাটাবেন।
হজের খুতবায় গ্রান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল আল শাইখ বলেন, “ইসলামের নামে মুসলিম উম্মাহকে ধ্বংস করার চেষ্টায় আছে দায়েশ (আইএস)। দায়েশের মতো গ্রুপগুলো ইসলামের ভুল ব্যাখ্যা হাজির করেছে।”
দায়েশ একটি বিভ্রান্ত গোষ্ঠী এবং উগ্রপন্থা অনুসরণ করে এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠী ইসলামকে আবার ‘মূর্খতার যুগে’ ফিরিয়ে নিতে চায় বলে মন্তব্য করেন তিনি।
শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বকে ইসলামের বার্তা হিসেবে ছড়িয়ে দিতে ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ নিতে মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মক্কার কাবা শরিফ থেকে রওনা হয়ে পাঁচ কিলোমিটার দূরে মিনায় জড়ো হন হজ করতে আসা মুসলমানরা। ইবাদত-বন্দেগিতে মিনায় রাত কাটানোর পর আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা জিকির করেন, নামাজ পড়েন জামায়াতের সঙ্গে।
হজের মূল আনুষ্ঠানিকতার জন্য বুধবার ভোরে শুভ্র সেলাইবিহীন এক কাপড়ে তারা মিনা থেকে যাত্রা শুরু করেন ১০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে।
চার বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে ১ মাইল বিস্তৃত।
মুসলমানদের অতি পবিত্র এই ভূমিতে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে তারা ইবাদত করেন; হজের খুতবা শোনেন এবং নামাজ পড়েন।
মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, আদি পিতা আদম ও আদি মাতা হাওয়া পৃথিবীতে পুনর্মিলনের পর এই আরাফাতের ময়দানে এসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। ১৪ শ’ বছরেরও বেশি সময় আগে এখানেই ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (স.) দিয়েছিলেন তার বিদায় হজের ভাষণ।
এই আরাফাতে উপস্থিত না হলে হজের আনুষ্ঠানিকতা পূর্ণাঙ্গ হয় না। তাই হজে এসে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হয় স্বল্প সময়ের জন্য।
ইসলামী রীতি অনুযায়ী, জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ।
আরাফাত থেকে ফিরে মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়েন মুসল্লিরা। মুজদালিফায় রাতে থাকার সময় তারা পাথর সংগ্রহ করবেন, যা মিনার জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে।
বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মিনায় ফিরে জোহরের নামাজ আদায় করবেন। এরপর শয়তানকে (প্রতীকী) পাথর ছুড়বেন।
এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন এবং সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
