অভিবাসন নীতি: যুক্তরাষ্ট্রে ‘১শ' নারীর ১শ' মাইল পদযাত্রা’
লক্ষাধিক বাংলাদেশিসহ প্রায় সোয়া কোটি অবৈধ অভিবাসীর বৈধতার জন্য ‘কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিল’কার্যকরের দাবিতে পেনসিলভেনিয়ার একটি অভিবাসন কেন্দ্র থেকে রাজধানী ওয়াশিংটন ডিসি পর্যন্ত ১শ' মাইল পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নানা বয়সী ১শ' নারী।
৮দিনের এ পদযাত্রা মঙ্গলবার রাজধানীর ক্যাপিটাল হিলে এসে শেষ হয়।
খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এদিন যুক্তরাষ্ট্র সফরে ডিসি তে পৌঁছেন।পোপের মাধ্যমে মার্কিন কংগ্রেসে প্রভাব বিস্তারের অভিপ্রায়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পোপ এর আগে অভিবাসীদের প্রতি সদয় হতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর প্রতি আহবান জানিয়েছিলেন।
‘উই বিলঙ টুগেদার’ ব্যানারে পদযাত্রা কর্মসূচির শুরুতে উদ্যেক্তাদের একজন আন্দ্রিয়া ক্রিস্টিনা মারকেডো বলেন, পোপের সফরের সময় এমন একটি কর্মসূচির ভীষণ প্রয়োজন ছিল। অভিবাসন ইস্যুতে মার্কিন কংগ্রেস যাতে আরো মানবিক হয় সে ব্যাপারে পোপ জোরালো আহবান জানাবেন বলে আশা করছি।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় সাধারণ নির্রাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরা যখন অবৈধ অভিবাসীদের ‘বৈধতা’ প্রদানের তীব্র বিরোধিতা করছেন, সে সময় এ কর্মসূচির গুরুত্ব অপরিসীম, বলছেন, মানবাধিকার সংগঠকরা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার্স এলায়েন্সের পরিচালক আইজেন পো এ প্রসঙ্গে বলেন, অভিবাসীদের গড়া এ দেশে অভিবাসন বিরোধী মনোভাব উদ্বেগজনকভাবে বাড়ছে, যা বিশ্বাস করতেও লজ্জা হয়।
লক্ষাধিক বাংলাদেশিসহ প্রায় সোয়া কোটি অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার লক্ষ্যে ২০১৩ সালের ২৭ জুন ‘কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিল’ সিনেটে অনুমোদন পেলেও রিপাবলিকানদের বাধার মুখে তা কংগ্রেসে পর্যাপ্ত সমর্থন অর্জনে ব্যর্থ হয়।
এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ ক্ষমতাবলে বিলটিকে আইনে পরিণত করতে এক নির্বাহী আদেশ জারি করেন।রিপাবলিকানরা উচ্চ আদালতে মামলা করলে সেখানে আদেশটি স্থগিত হয়ে যায়।
