শরণার্থী কোটা পরিকল্পনা অনুমোদন করল ইইউ
জনসংখ্যা, অর্থনীতি ও আবেদনের ভিত্তিতে এক লাখ বিশ হাজার শরণার্থীকে ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার বিতর্কিত কোটা পরিকল্পনা মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীদের এক সভায় পাস হয়েছে।
বুধবার ব্রাসেলসে ইইউর শীর্ষ নেতাদের সভায় এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
তবে কোটার তীব্র বিরোধিতা করেছে রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়াসহ মধ্য ইউরোপের কয়েকটি দেশ। ফলে এসব দেশকে তাদের জিডিপির ০.০০২ শতাংশ আর্থিক জরিমানা করা হবে।
শরণার্থীদের ইতালি, গ্রিস এবং হাঙ্গেরি থেকে ইউরোপের অন্যান্য দেশে পুনর্বাসিত করার এ পরিকল্পনায় হাঙ্গেরিও ‘কোটা অনুযায়ী নির্ধারিত শরণার্থীদের আশ্রয় দেবে’ বলে জানিয়েছে ইউরোপিয়ান কমিশন।
দেশটির ‘অভিবাসন-বিরোধী’ প্রধানমন্ত্রী বুধবারের বৈঠকে নতুন একটি প্রস্তাব তুলতে পারেন।
প্রস্তাবে ইতালি থেকে ১৫ হাজার ৬০০, গ্রিস থেকে ৫০ হাজার ৪০০ এবং হাঙ্গেরি থেকে ৫৪ হাজার শরণার্থীকে ইউরোপে বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে।
শরণার্থীদের প্রাথমিক বাছাই হবে ইতালি, গ্রিস ও হাঙ্গেরিতে। অগ্রাধিকার পাবে সিরিয়া, ইরিত্রিয়া ও ইরাকি শরণার্থীরা। দুই মাসের মধ্যে আবেদনকারী শরণার্থীদের প্রাথমিক আশ্রয়শিবির থেকে স্থানান্তর করা হবে।
এদিকে কোটা প্রস্তাবের কড়া সমালোচনা করেছে মধ্য ইউরোপের কয়েকটি দেশ।
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, “ভবিষ্যতই বলবে কি ভুলই না আমরা করেছি!”
সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘স্বৈরাচারী’ অ্যাখ্যা দিয়ে একে মেনে না নেয়ার ঘোষণা দিয়েছেন স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
প্রস্তাবের তীব্র বিরোধিতা করে চেক প্রজাতন্ত্র জানিয়েছে, তারা এর বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে আপিল করবে। ইইউর নীতিমালাতেই সদস্য দেশগুলোর জন্য এই সুবিধা রাখা হয়েছে।
যুক্তরাজ্য জানিয়েছে, ইইউর নির্ধারিত কোটা পদ্ধতি বাদ দিয়ে তারা শরণার্থী শিবিরে থাকা সিরিয়ার নাগরিকদের সরাসরি নিজ দেশে আশ্রয় দেবে। যদিও এ সংখ্যা কত, তা তারা নির্দিষ্ট করে জানায়নি।
লাটভিয়া প্রস্তাবের পক্ষে থাকলেও দেশটির রাজধানীতে কয়েকশ’ মানুষ কোটা পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। ফিনল্যান্ডও ভোটদানে বিরত ছিল। তবে শুরু থেকে পোল্যান্ড শরণার্থীদের নিতে আপত্তি জানালেও মঙ্গলবারের বৈঠকে কোটা প্রস্তাবে তারা সমর্থন দিয়েছে।
পোল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রী রাফেল ত্রাস্কোভস্কি বিবিসিকে বলেন, “আমরা উপলব্ধি করেছি, সঙ্কটের সুরাহা করতে হলে এ মুহূর্তে আপস করা খুবই গুরুত্বপূর্ণ।”
তবে সদস্য রাষ্ট্রগুলোর ‘জাতীয় সার্বভৌমত্বের’ প্রশ্ন জড়িত থাকায় ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে’ এ সিদ্ধান্ত পাস করায় ইউরোপজুড়ে পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় উঠেছে।
ইইউর নীতি অনুযায়ী, এখন প্রত্যেক সদস্যরাষ্ট্রকে প্রস্তাবটি ‘বাধ্যতামূলকভাবে’ মানতে হবে।
ইউরোপের সব সদস্যরাষ্ট্র এ প্রস্তাব মেনে চলবে জানিয়ে জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী টমাস ডি মেইজিয়ার বলেন, “মঙ্গলবারের বৈঠকে কয়েকটি দেশ বিরোধিতা করলেও সেটি গুরুত্বপূর্ণ কিছু নয়।”
মঙ্গলবারের বৈঠকে সভাপতিত্ব করা লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জাঁ এসেলবর্নও জানিয়েছেন, বিরোধিতাকারী দেশগুলো এ সিদ্ধান্ত মানবে, তাতে কোনো সন্দেহ নেই।
বিশ্লেষকরা নতুন এ সঙ্কটকে ইউরোপীয় ইউনিয়নের জন্য ‘এসিড টেস্ট’ হিসেবে দেখছেন।
সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এখন ডাবলিন রেজ্যুলেশন সংস্কার নিয়ে আলোচনা করছেন বলে ইউরোপিয়ান কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। রেজ্যুলেশনটিতে শরণার্থীদের পৌঁছানো প্রথম দেশে নিবন্ধন করার বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে শরণার্থীর তুলনায় কোটা প্রস্তাবকে অপ্রতুল উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মুখপাত্র মেলিসা ফ্লেমিং বলেন, আরও বেশি শরণার্থীকে আশ্রয় দিতে প্রস্তাব সংশোধন করা প্রয়োজন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় পাঁচ লাখ শরণার্থী সমুদ্রপথে ইউরোপে পৌঁছেছেন। এখনো প্রতিদিন গড়ে ৬ হাজার শরণার্থী ইউরোপে পাড়ি দিচ্ছেন।
