যুক্তরাষ্ট্রে ক্যাম্পাসে এক-চতুর্থাংশ শিক্ষার্থী যৌন হয়রানির শিকার
যুক্তরাষ্ট্রে কলেজের গন্ডি পেরনোর আগেই ২৩ শতাংশের বেশি নারী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়।
যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসগুলোতে যৌন সহিংসতা নিয়ে চালানো সবচেয়ে বড় একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
সোমবার জরিপের ফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এ হার ৫ দশমিক ৪ শতাংশ।
‘অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভারসিটি’ এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রের ২৭টি বিশ্ববিদ্যালয়ে এ জরিপ চালায়। জরিপে একলাখ ৫০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
গতবছর হোয়াইট হাউজের পক্ষ থেকে ক্যাম্পাসে যৌন হয়রানি বিষয়গুলো দেখভাল করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, টাস্ক ফোর্সের পরিসংখ্যান অনুযায়ী, ক্যাম্পাসে যৌন হয়রানি মহামারি আকার ধারণ করেছে।
গত মাসে নিউ ইয়র্কের রাজ্য সরকার কলেজ ক্যাম্পাসে যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ পুলিশ ইউনিট গঠন করেছে।
যৌন নির্যাতনের অভিযোগে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নিউ ইয়র্কের বেশির ভাগ বিদ্যালয় কেন্দ্রীয় আইন লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা অধিদপ্তর তাদের বিরুদ্ধে তদন্ত করছে।
যদিও জরিপে দেখা গেছে, ক্যাম্পাসে যৌন হয়রানির ক্ষেত্রে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের হার ২৮ শতাংশেরও কম।
হয়রানির শিকার অর্ধেকের বেশি শিক্ষার্থী অভিযোগ দায়ের না করার কারণ হিসেবে বলে, বিষয়টি তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেয়নি।
আবার অনেকে অস্বস্তি, লজ্জা, আবেগজনিত সমস্যা অথবা কিছুই হয়নি এই বিশ্বাসের কারণে অভিযোগ করে না।
