২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ায় নতুন শরণার্থীদের ভিড়

ক্রমবর্ধমান শরণার্থীর স্রোতকে সামাল দেওয়ার প্রশ্নে ইউরোপের অনৈক্য আরো গভীর হওয়ার মধ্যেই নতুন করে আরো অন্তত ১০ হাজার শরণার্থী অস্ট্রিয়ায় হাজির হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 01:08 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

শনিবার প্রতিবেশী হাঙ্গেরি থেকে এসব শরণার্থীরা অস্ট্রিয়ায় যেয়ে হাজির হয় বলে জানিয়েছে বিবিসি।

গৃহযুদ্ধ, দারিদ্রের কারণে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে আসা এসব শরণার্থীরা হাঙ্গেরি সীমান্তে বাধা পেয়ে ক্রোয়েশিয়া হয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছিল।

মঙ্গলবার থেকে ২০ হাজারেরও বেশি শরণার্থীর ক্রোয়েশিয়ায় প্রবেশ করার পর আর শরণার্থীর চাপ দেশটি সামাল দিতে পারবে না জানিয়ে দেয়। অতিরিক্ত শরণার্থীদেরকে তারা হাঙ্গেরির দিকে ফেরত পাঠায়, হাঙ্গেরি এসব শরণার্থীকে অস্ট্রিয়ায় পাঠিয়ে দেয়।

শনিবার অস্ট্রীয় রেডক্রসের প্রধান গেরি ফোইতিক জানিয়েছিলেন, সারাদিনে দেশটিতে ১২ হাজার থেকে ১৩ হাজার শরণার্থী প্রবেশ করেছে।

কোনো সতর্কতা ছাড়াই এসব শরণার্থীকে হাঙ্গেরি সীমান্তের এপাশে ঠেলে দেয় বলে জানিয়েছেন অস্ট্রিয়ার হাঙ্গেরি সীমান্তবর্তী রাজ্য বার্গেনল্যান্ডের উপপুলিশ প্রধান ক্রিস্টিয়ান স্টেলা।

ইইউর আইন অনুসরণ না করায় অস্ট্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোহান্না মিকল-লেইটনার প্রতিবেশী দেশগুলোকে অভিযুক্ত করেছেন। হাঙ্গেরি ছাড়াও ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে শরণার্থীরা অস্ট্রিয়ায় প্রবেশ করছে বলেও জানিয়েছেন তিনি।

Image
ক্রোয়েশিয়ার টোভার্মিক রেল স্টেশনে শরণার্থী এক শিশু ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ১৯ সেপ্টেম্বর, ২০১৫, রয়টার্স

ক্রোয়েশিয়ার টোভার্মিক রেল স্টেশনে শরণার্থী এক শিশু ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ১৯ সেপ্টেম্বর, ২০১৫, রয়টার্স

Image
ক্রোয়েশিয়ার টোভার্মিক রেল স্টেশনে ট্রেনের ওঠার চেষ্টাকালে এক শিশুকে ধরে রেখেছেন শরণার্থী। ১৯ সেপ্টেম্বর, ২০১৫, রয়টার্স

ক্রোয়েশিয়ার টোভার্মিক রেল স্টেশনে ট্রেনের ওঠার চেষ্টাকালে এক শিশুকে ধরে রেখেছেন শরণার্থী। ১৯ সেপ্টেম্বর, ২০১৫, রয়টার্স

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী গোরান মিলানোভিচ স্বীকার করেছেন, হঙ্গেরির সঙ্গে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শরণার্থীদের সেখানে পাঠিয়ে দিয়েছেন তারা।

“লোকজনকে সেখানে পাঠিয়ে আমরা তাদের চাপ দিয়েছি, আমরা এটি করতেই থাকব,” বলেছেন তিনি।

অপরদিকে মিলানোভিচকে ‘বেচারা’ অভিহিত করে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়িয়ার্তো বলেছেন, “আশ্রয়প্রার্থীদের বিষয়ে বিধান না মেনে তারা সরাসরি তাদের হাঙ্গেরি পাঠিয়ে দিয়েছে। কী ধরনের ইউরোপীয় ঐক্য এটি?”

শরণার্থীর রেজিস্ট্রেশন করতে না পারার জন্য ক্রোয়েশিয়াকে দোষারোপ করলেও অস্ট্রিয়ায় যাওয়া শরণার্থীদের কয়েকজন জানিয়েছেন হাঙ্গেরিও তাদের রেজিস্ট্রেশন করেনি, সরাসরি বাসযোগে পাঠিয়ে দিয়েছে।

হাঙ্গেরির এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত না করলেও জানিয়েছেন, শরণার্থীদের রেজিস্ট্রেশন করার কথা থাকলেও তারা তাদের জোর করেননি।

ক্রোয়েশিয়া থেকে আসা শরণার্থীদের অস্ট্রিয়ায় পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ক্রোয়েশিয়া সীমান্তেও ধাতুর ধারালো তারের বেড়া দেওয়া শুরু করেছে হাঙ্গেরি, যা শিগগিরই সমাপ্ত হবে বলে জানিয়েছে বিবিসি।