২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থান

গণআন্দোলনে প্রায় তিন দশকের শাসককে হটানোর পর নেতা নির্বাচনে ভোটের কয়েক সপ্তাহ আগে বুরকিনা ফাসোর অন্তর্বর্তী সরকারের  ক্ষমতা কেড়ে নিয়েছে সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 03:35 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে প্রচারিত এক ঘোষণায় সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অবৈধ’ শাসনের অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করা হয়েছে, তার জায়গায় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে ‘ন্যাশনাল ডেমোক্রেটিক কাউন্সিল’।

বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকে ঢুকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করে দেশটির প্রেসিডেনশিয়াল গার্ড।

অন্তর্বর্তী সরকারের স্পিকার শেরিফ সাই এ ঘটনাকে ‘স্পষ্ট সামরিক অভ্যুত্থান’ বলেছেন।

এ খবরে উদ্বেগ জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আটক সব সরকারি কর্মকর্তার মুক্তি চেয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়,  প্রেসিডেনশিয়াল গার্ডের এই সদস্যরা বুরকিনা ফাসোর সাবেক প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরের অনুগত, যিনি গণআন্দোলনের মুখে গত বছর নভেম্বরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর আগে ২৭ বছর দেশ শাসন করেন তিনি।

ওই ঘটনার পর নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যার প্রেসিডেন্ট হন মিশেল কাফান্ডো,  ইয়াকুবা আইজাক জিডা হন প্রধানমন্ত্রী।

আগামী ১১ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা ছিল তাদের।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুরকিনা ফাসোর সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মামাদু বাম্বা টেলিভিশন ও বেতারে ওই ঘোষণা পাঠ করেন। তাতে নির্বাচন বিধির সমালোচনা করা হয়। সাবেক প্রেসিডেন্টের দলের সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচন বিধিমালায়।

Image
লেফটেন্যান্ট কর্নেল মামাদু বাম্বা

লেফটেন্যান্ট কর্নেল মামাদু বাম্বা

ঘোষণায় বাম্বা বলেন, একটি ‘যৌক্তিক, সুষ্ঠু ও সমতার প্রক্রিয়া’ শুরু হয়েছে, যা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দিকে নিয়ে যাবে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটকের খবরে বুধবার রাজধানী উয়াগাদুগু প্রধান চত্বরে বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা বিক্ষোভ থামাতে গুলিও ছোড়ে।

“রাস্তায় প্রচুর সেনা সদস্য। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো খবর নেই। তারা জীবিত না মৃত সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না,” উয়াগাদুগু থেকে ফ্যানি নোয়ারো নামের এক সাংবাদিক আল জাজিরাকে বলেছেন।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে শতাধিক মানুষ উয়াগাদুগুর স্বাধীনতা চত্বরে বিক্ষোভ শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে সেনা সদস্যরা।