ঘড়িকাণ্ডে গ্রেপ্তার কিশোরকে হোয়াইট হাউজে আমন্ত্রণ
যুক্তরাষ্ট্রে ভুল করে আটক কিশোর আহমেদ মোহামেদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
পাশাপাশি, আহমেদকে তার তৈরি ঘড়িটি নিয়ে হোয়াইট হাউজে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।
শিক্ষকদের খুশি করার জন্য নিজের তৈরি করা একটি ঘড়ি নিয়ে স্কুলে হাজির হয়েছিল ১৪ বছরের কিশোর আহমেদ মোহামেদ। কিন্তু ঘড়িটিকে ‘বোমা’ ভেবে তাকে পুলিশে দিয়েছিলেন তার শিক্ষক।
স্কুলে আহমেদের নিয়ে আসা ঘড়িটিকে ‘ঘড়ির ছলে বানানো বোমা’ ভেবে পুলিশকে খবর দেয়’ টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুল কর্তৃপক্ষ।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
নাসার বিজ্ঞানী থেকে শুরু করে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এ প্রতিক্রিয়ায় শামিল হয়েছেন।
নিজ টুইটার অ্যাকাউন্টে ওবামা বলেছেন, “কুল ক্লক, আহমেদ। এটা (ঘড়ি) নিয়ে হোয়াইট হাউসে আসতে চাও? বিজ্ঞানকে পছন্দ করার জন্য আমরা তোমার মতো আরও অনেক শিশুকে অনুপ্রাণিত করতে চাই। এটা আমেরিকাকে মহান করে তুলবে।”
ব্যাপক প্রতিক্রিয়ার মুখে টেক্সাস পুলিশ ওই কিশোরের বিরুদ্ধে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয়।
এই সেই ঘড়ি যাকে বোমা ভেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কিশোর আহমেদকে। ছবি: রয়টার্স
নামের কারণেই ওই কিশোরকে পুলিশ আটক করেছে- পরিবারের পক্ষ থেকে ওঠা এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, “মুসলিম সম্প্রদায়ের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। এ ধরনের ঘটনা চলতি চ্যালেঞ্জ। এ ঘটনাকে কীভাবে ভালোর দিকে নিয়ে গিয়ে আমরা সামনে এগোতে পারি, সে চেষ্টাই করছি আমরা।”
কিশোর আহমেদ মোহামেদকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে তার টিপসই রাখা হয়। তার তৈরি করা যন্ত্রটি থেকে কোনো হুমকি নেই এটি নিশ্চিত হওয়ার পর তাকে ছাড়া হয়।
