হাঙ্গেরির সংঘর্ষের ঘটনায় ‘মর্মাহত’ জাতিসংঘ
শরণার্থীদের সীমান্ত থেকে সরাতে হাঙ্গেরির পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করায় ‘মর্মাহত’ হওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
আশ্রয়প্রার্থীদের সঙ্গে এ ধরণের আচরণ ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।
বিবিসি বলছে, বুধবার সার্বিয়া-হাঙ্গেরির সীমান্তে জড়ো হওয়া কয়েকশত শরণার্থী তারের বেড়া ভেঙে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা করে। এ সময় সীমান্তে পাহারায় নিয়োজিত হাঙ্গেরির পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
কয়েশত শরণার্থী পুলিশের দিকে পাথর ও পানির বোতল ছুঁড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
হাঙ্গেরি সীমান্তে জড়ো হওয়া এসব শরণার্থীদের অধিকাংশই সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি-অস্ট্রিয়া হয়ে জার্মানি যেতে চান।
আত্মপক্ষ সমর্থন করে হাঙ্গেরি বলেছে, শরণার্থীরা সীমান্তে একটি গেইট ভাঙ্গার চেষ্টাকালে বাধা দেয় পুলিশ, এতে শরণার্থীরা পুলিশের উপর চড়াও হলে ২০ পুলিশ সদস্য আঘাত পান।
শরণার্থীরা শিশুদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন হাঙ্গেরির একজন মুখপাত্র।
এখানে সংঘর্ষে অন্ততপক্ষে দুইজন শরণার্থীও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাঙ্গেরি ও সার্বীয় কর্মকর্তারা।
মঙ্গলবার সার্বিয়ার সঙ্গে থাকা পুরো সীমান্ত বন্ধ করে দিয়ে সীমান্ত বেড়ার ক্ষতি করা ও দেশটিতে বিনাঅনুমতিতে প্রবেশ করা বেআইনি ঘোষণা করে হাঙ্গেরি।
বুধবার হাঙ্গেরির সীমান্ত শহর হোরগোসের কাছে এ সংঘর্ষের সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
সীমান্তে সার্বিয়ার পাশে শরণার্থীদের জ্বালানো আগুন ও হাঙ্গেরি পুলিশের কাঁদুনে গ্যাস থেকে বাঁচতে দৌড়াদৌড়ির মধ্যেই সার্বীয় পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স এসে হাজির হয়।
অপরপাশে হাঙ্গেরির দাঙ্গা পুলিশ জমায়েত হয়।
কাঁদুনে গ্যাস ও পদদলিত হয়ে আহত কয়েকজন শরণার্থী সার্বীয় অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এখানে ইরাক থেকে আসা শরণার্থী আমির হাসান বলেন, “যুদ্ধ ও সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে এসে ইউরোপে এ ধরনের নিষ্ঠুরতা ও অমানবিক আচরণ প্রত্যাশা করিনি আমরা।”
হাঙ্গেরিকে ‘নিষ্ঠুর’ ও ‘অইউরোপীয়’ আচরণের জন্য অভিযুক্ত করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকসান্দার ভুসিচ।
হাঙ্গেরির পথ বন্ধ হওয়ায় কিছু শরণার্থী সার্বিয়া থেকে ক্রোশিয়া হয়ে পশ্চিম ইউরোপে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। এদের প্রথম দলটিকে ঢুকতে দিয়ে বাকিদেরও প্রবেশের অনুমতি দিয়েছে ক্রোশিয়া।
নতুন পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনার জন্য অস্ট্রীয়, ক্রোয়েশীয় ও স্লোভেনীয় কর্মকর্তারা অস্ট্রিয়ায় এক বৈঠকে মিলিত হয়েছেন।
