ইয়ংবিয়ন পরমাণু প্রকল্প চালুর ঘোষণা উত্তর কোরিয়ার
প্রধান ইয়ংবিয়ন পরমাণু প্রকল্প ‘পুরোপুরি চালু’ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
কেসিএন-র প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের ‘মান ও সংখ্যা’ বাড়াচ্ছে। দেশটি ‘যে কোনো সময় পরমাণু অস্ত্র ব্যবহার করে’ যুক্তরাষ্ট্রের শত্রুতা মোকাবেলার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে।
২০০৭ সালে ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু ২০১৩ সালে তৃতীয় পরমাণু অস্ত্র পরীক্ষার পর চুল্লিটি আবার চালু করার কথা বলে দেশটি। এতে কোরীয় উপদ্বীপসহ আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
এ চুল্লিটি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে প্লুটোনিয়াম যোগান দেয়। উত্তর কোরিয়ার পামাণবিক কর্মসূচি বন্ধ করার উদ্দেশ্যে ছয় জাতির সঙ্গে দেশটির আলোচনা ২০০৯ সাল থেকে থেমে আছে।
তবে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতার পুরো চিত্রটি এখনো অপরিষ্কার।
পিয়ংইয়ং দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের মাথায় স্থাপনের মতো ছোট পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে তারা, যা শত্রুদের ওপর নিক্ষেপ করা যাবে।
তবে এ ধরনের ছোট কোনো ডিভাইস উত্তর কোরিয়া তৈরি করেছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
