২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোল্লা ওমরের স্বাভাবিক মৃত্যু হয়েছিল: দাবি ছেলের

আফগান তালেবান এর প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন তার ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 09:46 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

ওমরের মৃত্যু নিয়ে রহস্য এবং নতুন নেতৃত্ব নিয়ে বিরোধের অবসান ঘটিয়ে দলের সদস্যদের একজোট থাকার আহ্বান জানিয়ে দেয়া এক বিবৃতিতে ওই তথ্য জানান ইয়াকুব।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জুলাইয়ে দেশটির গণমাধ্যমে দুই বছর আগে পাকিস্তানে মোল্লা ওমরের মৃত্যু হওয়ার খবর প্রকাশ পায়।

তার একদিন পর তালেবানের পক্ষ থেকে ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করে নতুন নেতা হিসেবে তার দীর্ঘদিনের সহযোগী মোল্লা মনসুরের নাম ঘোষণা করা হয়।

তবে কবে, কোথায় এবং কিভাবে ওমরের মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বেশ কয়েকজন তালেবান শীর্ষ নেতা এবং ওমরের পরিবার নতুন নেতা হিসেবে মনসুরের নিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

রোববার রাতে প্রকাশ পাওয়া এক অডিও বার্তায় মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, “তার (ওমরের) স্বাভাবিক মৃত্যুর বিষয়টি আমি আপনাদের নিশ্চিত করতে চাই।”

“তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন এবং এক পর্যায়ে তার অবস্থার বেশ অবনতি হতে থাকে। আমরা তার বিষয়ে চিকিৎসকের কাছে জানতে চাই। সম্ভবত তিনি হেপাটাইটিস সি রোগে ভুগছিলেন।”

“আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের সময়ও তিনি দেশেই অবস্থান করেছেন। তিনি আফগানিস্তানেই মারা গেছেন এবং দেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত।”

তালেবানের পক্ষ থেকে এ অডিও বার্তার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এটি জনসম্মুখে ইয়াকুবের প্রথম বিবৃতি।

অডিও বার্তায় ওমরের উত্তরসূরি নির্বাচন করে রেখে যাওয়ার বিষয়টি সত্য নয় বলেও দাবি করেন ইয়াকুব।

“তিনি কাউকে তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করে রেখে যাননি।”

নতুন নেতা মনসুর পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। পাকিস্তানের উদ্যোগে আফগান সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনার পক্ষেও সমর্থন দিয়েছেন তিনি।

যদিও তার এই সমর্থন দলটির কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকে ক্ষুব্ধ করেছে।

তাদের অভিযোগ, মনসুরের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় বলেও ওই নেতারা উদ্বেগ প্রকাশ করেন।

ইয়াকুব বলেন, “যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকার আমাদের শত্রু। বেশ কিছু মুসলিম দেশও আমাদের শত্রুদের পাশে দাঁড়িয়েছে।”

দলের ঐক্য ফিরিয়ে আনতে ২৭ বছর বয়সী ইয়াকুব বলেন, “যদি আমার মৃত্যু হলে দলে ঐক্য ফিরে আসে তবে আমি হাসি মুখে আমার জীবন দিয়ে দেব। কাউন্সিল যে নির্দেশই দিক আমরা তা মেনে নিতে প্রস্তুত। দলের যেকোনো পর্যায়ে থেকেই আমরা কাজ করতে ইচ্ছুক, হতে পারে সেটা উচ্চ পর্যায়ে বা নিম্ন পর্যায়ে।”