২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক হামলার প্রধান সন্দেহভাজন ‘তুরস্কে পালিয়েছে’

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এরাওয়ান মন্দিরে অগাস্টে ভয়াবহ বোমা হামলার প্রধান সন্দেহভাজন তুরস্কে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 06:51 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

ঈশান নামে পরিচিত আব্দুসাত্তার আব্দুররেহমানই বোমা হামলা সংগঠিত করেছে বলে ধারণা পুলিশের। ওই হামলায় অন্তত ২০ জন নিহত হয়।

চীনের সিনঝিয়াং প্রদেশের ২৭ বছর বয়সী ওই ব্যক্তি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আছে বলে ধারণা করছে পুলিশ।

এর কয়েক ঘন্টা আগে মালয়েশিয়ার পুলিশ ব্যাংককে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহেেএক পাকিস্তানিসহ তিনজনকে আটক করার কথা জানিয়েছে।

বোমা হামলার ঘটনা তদন্তকালে দুই মালয়েশীয় এবং একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর।

ব্যাংককের বোমা হামলার ঘটনা নিয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ড পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে জানিয়ে খালিদ বলেন, “আটককৃত সন্দেহভাজনদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্তকাজে অগ্রগতি হবে বলেই আমাদের বিশ্বাস।”

তিনি জানান, গ্রেফতার হওয়া পাকিস্তানি নাগরিকটি পুরুষ এবং বাকি দুই মালয়েশীর মধ্যে একজন পুরুষ ও একজন নারী। গ্রেফতারকৃতদের এখনই থাইল্যান্ডে পাঠানোর ইচ্ছে নেই বলেও জানান খালিদ।

গত ১৭ই আগস্ট ব্যাংককের এরাওয়ান মন্দিরে হামলার ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ ঘটনায় নিহত ২০ জনের মধ্যে অন্তত ১৪ জন ছিল বিদেশি পর্যটক।