২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মক্কার ক্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে’

সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে পড়ার ঘটনা তদন্ত করে এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সউদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 01:11 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফ ঘিরে রাখা মসজিদে শুক্রবারের ওই দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং অন্তত ২৩৮ জন আহত হন।

বিবিসি জানিয়েছে, ক্রেন উল্টে পড়ার জন্য প্রবল ঝড়ো বাতাস ও ব্যাপক বৃষ্টিপাতকে দায়ি করেছেন দেশটির কর্মকর্তারা।

শনিবার রাতে বাদশা সালমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারপর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তিনি।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে প্রকাশিত উদ্ধৃতিতে বাদশা সালমান বলেছেন, “সব কারণ তদন্ত করার পর ফলাফল নাগরিকদের সামনে ঘোষণা করা হবে।”

নিহতদের মধ্যে ইরান, তুরস্ক, আফগানিস্তান, মিশর ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

আহতদের মধ্যে কতজন দুর্ঘটনায় আহত হয়েছেন আর কতজন দুর্ঘটনার পর সৃষ্ট হুড়োহুড়িতে পদদলিত হয়েছেন তা স্পষ্ট নয়। 

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মহাপরিচালক সুলাইমান আল-আমর জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নির্ধারণ ও মসজিদের নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। 

হ্জ পালনের জন্য চলতি মাসে সারা বিশ্ব থেকে বিশ লাখেরও বেশি মুসলমান মক্কায় সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। হাজ পালনে এই দুর্ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।  

ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ইরফান আল- আলবি জানিয়েছেন, বিশাল উন্নয়নকাজের জন্য আল-হারাম মসজিদের চারদিকে ১৫টি বড় ক্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে।

“পুরো এলাকাটিকে পরিত্যক্ত যন্ত্রপাতির ভাগাড়ের মতো লাগছে,” বলেন তিনি।

দুর্ঘটনার সময় মসজিদটিতে আট লাখ লোক ছিল জানিয়ে তিনি বলেন, “সৌদি আরবের স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করা দরকার।”