২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রদেশে জোড়া বিস্ফোরণে নিহত ৮৭, তদন্তের নির্দেশ

ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় একটি চায়ের দোকান এবং সংলগ্ন একটি ভবনে পরপর বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৭ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 04:08 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

ঝাবুয়া পুলিশ কন্ট্রোল রুমের পরিদর্শক এম.এল. গৌড় বার্তাসংস্থা আইএএনএস কে বলেন,“৮৭ জন মারা গেছে। এখন পর্যন্ত ৬০ জনের পরিচয় সনাক্ত হয়েছে “

“সব মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী এবং তিনটি শিশু।”

শনিবার সকালে ঝাবুয়া জেলার পেতলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঝাবুয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিমা আলভা আইএএনএসকে বলেন, “শনিবার সকালে একটি চায়ের দোকানে বিস্ফোরণ ঘটে। তারপর, সংলগ্ন দ্বিতল ভবনে আরও একটি বিস্ফোরণ হয়।”

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছিল, চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। আর ভবনে বিস্ফোরণের জন্য দায়ী খনির কাজে ব্যবহৃত দাহ্য পদার্থ জেলাটিন স্টিকস। যা ওই ভবনে অবৈধভাবে জমা করে রাখা ছিল।

তবে কর্তৃপক্ষ জেলাটিন স্টিকসের কারণেই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হয়নি।

তারা জানান, ঠিক কি কারণে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে সেটা খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড় বলেন, “গ্যাস সিলিন্ডারের কারণে প্রথম বিস্ফোরণটি হয়।”

“তবে ভবনে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।”

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ঝাবুয়ার দূরত্ব ৩০০ কিলোমিটার।

সকাল সাড়ে ৮টার দিকে পেতলাবাদ এলাকার নতুন বাস স্ট্যান্ডের কাছে বিস্ফোরণের ঘটনা দুইটি ঘটে।

বিস্ফোরণের সময় ওই এলাকায় অনেক শ্রমিক বিক্ষিপ্তভাবে ঘুরাঘুরি করছিল এবং অনেকে বাসের জন্য অপেক্ষা করছিল।

দ্বিতীয় বিস্ফোরণটি অনেক বেশি মারাত্মক ছিল। যার আঘাতে ভবন ধসে পড়ে এবং অনেকে হতাহত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

বাবু লাল নামের একজন প্রত্যক্ষদর্শী আইএএনএস কে বলেন, “বিস্ফোরণের শব্দ শুনে আমি দৌড়ে ঘটনাস্থলে যাই। ওই এলাকা ধূলায় ঢাকা পড়েছিল। চারিদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। একটি মেয়ে কাঁদছিল। পরে তাকে উদ্ধার করা হয়।”

অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন, চায়ের দোকানে বিস্ফোরণের তুলনায় ভবনে বিস্ফোরণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।”

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে মৃতদেহ খুঁজতে দেখা গেছে উদ্ধারকারীদের।

দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।