শরণার্থী সঙ্কট: সীমান্ত রক্ষার মহড়ায় হাঙ্গেরির সেনাবাহিনী
ইউরোপের বাইরে থেকে আসা শরণার্থীর স্রোত ঠেকাতে দক্ষিণ সীমান্তে ভূমিকা পালন করতে হতে পারে বিবেচনায় মহড়া শুরু করেছে হাঙ্গেরির সেনাবাহিনী।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, হাঙ্গেরির দক্ষিণ সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ সার্বিয়া হয়ে প্রতিদিন হাজার হাজার এশিয়া ও আফ্রিকার শরণার্থী দেশটিতে প্রবেশ করছে। ওই সীমান্তে পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে বুদাপেস্ট।
ইতোমধ্যেই সীমান্তে ধারালো ধাতুর তারের বেড়া লাগানো শুরু করেছে দেশটি। চলতি মাসেই সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে পার্লামেন্ট সদস্যরা ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী সপ্তাহের মধ্যে এই সীমান্ত দিয়ে আরো ৪০ হাজার শরণার্থী দেশটিতে প্রবেশ করবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।
এসব শরণার্থীর অধিকাংশই সিরিয়া ও লিবিয়ার মতো গৃহযুদ্ধ ও সহিংসতাকবলিত দেশগুলো থেকে পালিয়ে আসা মানুষ। গ্রিস, সার্বিয়া, হাঙ্গেরি হয়ে এরা জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেন যাওয়ার চেষ্টা করছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এসব সম্পদশালী দেশের অভিবাসী আইন অপেক্ষাকৃত উদার।
বৃহস্পতিবার সকালে গ্রিসের লেসবোস দ্বীপ থেকে প্রায় আড়াই হাজার শরণার্থীর আরেকটি দলকে দেশটির সরকার ভাড়া করা ফেরি যোগে মূল ভূখণ্ডে নিয়ে এসেছেন। এরা সবাই সার্বিয়া-হাঙ্গেরি হয়ে জার্মানি ও সুইডেন যাওয়ার চেষ্টা করবেন।
হাঙ্গেরিতে সড়করক্ষা বেড়া পার হচ্ছেন একজন
