২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতে সৌদি আরবের দূতাবাসের এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন দুই নেপালি নারী।  পুলিশ এ অভিযোগ তদন্ত করে দেখছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 05:09 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

সোমবার স্থানীয় একটি এনজিও-র কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজধানী দিল্লির উপকন্ঠে গুরগাঁও শহরেরর একটি ফ্ল্যাটে আটক দুই নেপালি নারীকে উদ্ধার করে বলে জানিয়েছে বিবিসি।

ওই ফ্ল্যাটেই কয়েকমাস ধরে আটকে রেখে ওই কর্মকর্তা দুইজনকে ধর্ষণ করেছেন বলে তারা অভিযোগ করেছেন।

উদ্ধার হওয়া দুজন নেপালি নাগরিকের একজনের বয়স ৫০ এবং অপরজনের ২০। ওই সৌদি কর্মকর্তার বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজে যোগ  দিয়েছিলেন এ দুইজন। তাদেরকে প্রতিনিয়মিত মারধর করা হত এবং একাধিকজন তাদেরকে ধর্ষণ করত।

এক নতুন গৃহপরিচারিকা ওই ফ্ল্যাটে গেলে দুই নারীর দুর্দশা দেখে সেখান থেকে চলে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে ওই নারী একটি এনজিও’কে খবর দিলে তারা বিষয়টি পুলিশকে জানায়।

ঘটনার তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত  কেউ গ্রেফতার হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের কাছে গোটা ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে, সৌদি দূতাবাসের সঙ্গেও এ ব্যাপারে তাদের যোগাযোগ হয়েছে। ওদিকে, দিল্লির সৌদি দূতাবাস অভিযোগ অস্বীকার করেছে।

নেপাল থেকে প্রতি বছর হাজার হাজার নারী গৃহপরিচারিকার কাজের জন্য ভারতে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমায়।

কিন্তু তাদের অনেকেরই অমানবিক পরিবেশে কাজ করা এবং অকথ্য নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ আছে। ওই দুই নেপালি নারীও নেপালে ভূমিকম্পের পর কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন।