২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ হাজার সিরীয় শরণার্থী নেবে অস্ট্রেলিয়া

মানবাধিকার কোটায় সিরিয়া থেকে সবচেয়ে বেশি ১২ হাজার শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Sep 2015, 02:36 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

বুধবার বিরোধীদলগুলোর চাপে নতি স্বীকার করে দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এ ঘোষণা দেন।

শরণার্থী নেওয়ার পাশাপাশি সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোতে বিমান হামলা বাড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি। 

অস্ট্রেলিয়ার বার্ষিক ১৩ হাজার ৭৫০ জন শরণার্থী কোটার মধ্যে সহিংসতার কারণে সিরিয়া থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের জন্য সবচেয়ে বেশি জায়গা রাখা হবে বলে রোববার জানিয়েছিলেন অ্যাবোট। 

সিরিয়ার শরণার্থীদের মধ্যে নিগৃহীত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন তিনি।

ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে আইএসের আরবি নাম ব্যবহার করে তিনি বলেন, “দায়েসকে প্রতিরোধ করার আন্তর্জাতিক উদ্যোগের বিষয়ে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। গোষ্ঠীটি ইরাক ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় হুমকি তৈরি করছে এবং অস্ট্রেলিয়ার নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে।”

মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর এবং আগামী বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্ততপক্ষে ৮ লাখ ৫০ হাজার মানুষ শরণার্থী হিসেবে ইউরোপে প্রবেশ করবে।

বর্তমান শরণার্থীর স্রোত বিবেচনায় জাতিসংঘের উল্লেখিত এই সংখ্যাকেও রক্ষণশীল হিসাব বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাড়তে থাকা শরণার্থীদের এই চাপ সামলাতে বিশ্বের ধনী দেশগুলোকে সম্মিলিত আশ্রায়ননীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।