২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার: ক্ষমা চাইলেন হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহারকে ‘ভুল’ হিসেবে স্বীকার করে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Sep 2015, 01:16 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ‘ভুলের’ জন্য প্রথমবারের মতো ক্ষমা চান তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিজের নিউইয়র্কের বাসা থেকে রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেল সার্ভারটি ব্যবহার করেন তিনি। তবে ‘ভুল’ হিসেবে স্বীকার করলেও এতে আইনের লঙ্ঘণ হয়নি বলে দাবি করেছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এই মুহূর্তে হিলারিই সবচেয়ে এগিয়ে আছেন।

সাক্ষাৎকারে হিলারি বলেন, “এটি ভুল ছিল। সেজন্য আমি দুঃখিত। আমি এর দায়িত্ব নিচ্ছি।”

তিনি বলেন, “আমি যা করেছি তার অনুমোদন ছিল, কিন্তু এখন পেছন ফিরে দেখে, অনুমোদন থাকা সত্বেও আমার মনে হয়, আমার দুটি একাউন্ট ব্যবহার করা উচিত ছিল। একটি ব্যক্তিগত ব্যবহারের জন্য, অন্যটি দায়িত্ব-সংক্রান্ত কাজের জন্য।”

আগে দেওয়া দুটি সাক্ষাৎকারে দেশের শীর্ষস্থানীয় কূটনীতিক হিসেবে ব্যক্তিগত ইমেইল ব্যবহারের ঘটনার জন্য ক্ষমা চাইতে রাজি হননি হিলারি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছিল বলে দাবি করেছিলেন তিনি।

রাষ্ট্রীয় কাজে হিলারির ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি মার্চে জনসম্মুখে প্রকাশ পায়। তারপর থেকে সরকারি স্পর্শকাতর তথ্য তিনি কীভাবে সামলেছেন তা নিয়ে শুরু হওয়া প্রকাশ্য পর্যালোচনা বাড়তে থাকে।

এক পর্যায়ে নিজের কাজের ব্যাখ্যা দিতে ও আত্মপক্ষ সমর্থন করতে বাধ্য হন তিনি। 

হিলারি এ কাজে গোপনীয় তথ্যসহ অন্য কোনো তথ্য সংরক্ষণে কোনো অবহেলার ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে তার ব্যবহৃত ইমেলই সার্ভারটি এখন পরীক্ষা করে দেখছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন।