২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বোমা হামলায় ১০ পুলিশ নিহত 

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ ইগদিরে একটি মিনিবাসের উপর চালানো বোমা হামলায় তুর্কি পুলিশের ১০ কর্মকর্তা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Sep 2015, 03:14 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে দেশটির এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।  

বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও সরকারি বাহিনীগুলোর মধ্যে তুমুল সংঘর্ষের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। 

রোববার পিকেকে যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় তুর্কি সেনাবাহিনীর ১৬ সেনা নিহত হওয়ার পর পাল্টা ব্যাপক হামলা শুরু করে তুর্কি সামরিক বাহিনী।
 
মঙ্গলবারও তুর্কি যুদ্ধবিমানগুলো উত্তর ইরাকে পিকেকের অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।