শরণার্থীদের নতুন ‘ঢেউ’, জার্মানির সতর্কবার্তা
রেকর্ড সংখ্যক শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাওয়া জার্মানি তার ইউরোপীয় অংশীদারদের আরো শরণার্থী গ্রহণ করার জন্য চাপ দিয়েছে। অন্যথায় ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছে।
সোমবার হাঙ্গেরির সীমান্তে বেপরোয়া শরণার্থীরা একটি অভ্যর্থনা কেন্দ্রে পুলিশের অবরোধ ভেঙে রাজধানী বুদাপেস্টের দিকে রওয়ানা হলে ইউরোপের শরণার্থী সঙ্কটের নতুন পর্ব শুরু হয়।
শনিবার সকাল থেকে রোববারের মধ্যে জার্মানিতে ২০ হাজার শরণার্থী প্রবেশ করার পর সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শরণার্থীদের এই চাপকে ‘শ্বাসরোধী’ বলে বর্ণনা করেছেন।
এই সঙ্কট সামাল দেওয়া সম্ভব হবে বলে তিনি তার দেশের নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন।
বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাইরের অনেক লোকের কাছে জার্মানি একটি আশার দেশে পরিণত হয়েছে দেখে আমি খুশি।”
কিন্তু তিনি ও তার ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল তাদের আশার বার্তার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যে অংশীদাররা শরণার্থীদের কোটা বাড়াতে অস্বীকার করেছেন তাদের সতর্কও করেছেন।
মূলত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে শরণার্থীদের ঢল ইউরোপের দিকে ছুটছে। এই শরণার্থীদের নিজেরা গ্রহণ করার পাশাপাশি ইইউ-র অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোকেও অতিরিক্ত শরণার্থী গ্রহণ করার জন্য চাপ দিচ্ছে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়াম।
ডর্টমন্ডে ট্রেন থেকে নামার পর শরণার্থী শিবিরে যাওয়ার উদ্দেশে বাসে উঠছেন শরণার্থীরা। ছবি: রয়টার্স
শরণার্থীরা পুলিশি বাধা ভেঙে একটি মহাসড়কের রং-সাইড ধরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দিকে হেঁটে যেতে শুরু করে। ছবি: রয়টার্স
এ বিষয়ে সতর্ক করে মেরকেল বলেছেন, “অনেকে বলছেন, এ বিষয়ে তাদের কিছু করার নেই; এটি গ্রহণযোগ্য নয় বলে মনে করি আমি। দীর্ঘ সময়ের প্রেক্ষাপটে এ দৃষ্টিভঙ্গি কাজে দেবে না। এর ফল অন্যরকম হতে পারে, যদিও আমরা তা চাই না।”
পূর্ব ইউরোপ ও অন্যান্য যেসব রাষ্ট্র শরণার্থীদের নিতে অস্বীকার করছে তাদের সতর্ক করে গ্যাব্রিয়েল বলেছেন, “এটি ইউরোপের জন্য নাটকীয় রাজনৈতিক ধাক্কা হয়ে দেখা দেবে। পাশপাশি অর্থনৈতিক ধাক্কা হয়েও দেখা দেবে। যেসব দেশ বলছে, আমরা এখন সাহায্য করতে পারবো না তারাও এ থেকে রেহাই পাবে না।”
সোমবার হাঙ্গেরির সার্বিয়া সীমান্তের রোসজকে এলাকার একটি অভ্যর্থনা কেন্দ্রের পুলিশি কর্ডন ভেঙে প্রায় ৩০০ শরণার্থী একটি মহাসড়কের রং-সাইড ধরে রাজধানী বুদাপেস্টের দিকে হেঁটে এগিয়ে যেতে শুরু করে। পেপার স্প্রে ব্যবহার করেও পুলিশ তাদের গতিরোধ করতে পারেনি। ‘গ্রিস-এক্সিটের’ ঝুঁকি থেকে বের হওয়ার কয়েক মাসের মধ্যেই ইইউ আরেকটি সঙ্কটের মুখোমুখি হয়েছে। শরণার্থী সঙ্কটই এখন ইইউ-র জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শরণার্থীদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কীভাবে বণ্টন করে দেওয়া হবে তা নিয়ে একটি নতুন প্রস্তাব বুধবার ইইউ কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কারের দেওয়ার কথা রয়েছে।
